শুরু হলো ভেনিস চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরা নায়ার পরিচালিত ‘দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’ ছবি দিয়ে পর্দা উঠল ৬৯তম ভেনিস চলচ্চিত্র উত্সবের। গতকাল ২৯ আগস্ট শুরু হয়েছে এই উৎসব, চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।উত্সবের শুরুতে প্রদর্শিত হয়েছে ‘দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’ ছবিটি। নিউইয়র্কে বসবাসরত ভারতীয় চিত্রনির্মাতা মিরা নায়ারের এই ছবি নির্মিত হয়েছে একই শিরোনামের একটি উপন্যাস অবলম্বনে। পাকিস্তানি লেখক মোহসিন হামিদের ‘দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’ উপন্যাসটি প্রকাশিত হয় ২০০৭ সালে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে রয়টার্স। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারে জঙ্গি সংগঠন আল-কায়েদার সন্ত্রাসী হামলার বিষয়বস্তু নিয়ে এগিয়েছে এ ছবির কাহিনি। মার্কিন অভিনেত্রী কেট হাডসন, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদসহ এ ছবিতে আরও অভিনয় করেছেন শাবানা আজমি, ওম পুরি প্রমুখ। ২০১৩ সালের শুরুর দিকে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ছবিটি।ভেনিস চলচ্চিত্র উত্সবে ছবিটি প্রদর্শনীর পর সেখানে উপস্থিত সাংবাদিকদের মিরা জানিয়েছেন, ‘আমি একজন ভারতীয়; থাকি নিউইয়র্কে। টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর নিউইয়র্কে বসবাসরত আর সব এশীয়র মতো আমাকেও ভিন্ন চোখে দেখা শুরু করেছিল মার্কিনরা। হঠাত্ করেই যেন নিজগৃহে পরবাসী হয়ে পড়লাম আমরা। বিষয়টি আমাকে তীব্রভাবে মর্মাহত করেছিল। এই ছবি তৈরির পেছনে সেটা ছিল প্রধান অনুপ্রেরণা।’ এর আগে ‘মনসুন ওয়েডিং’ ছবির জন্য ২০০১ সালে ভেনিস চলচ্চিত্র উত্সবে সেরা ছবির পুরস্কার জেতেন মিরা নায়ার।এবারের ভেনিস চলচ্চিত্র উত্সবে বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৮টি ছবি প্রতিযোগিতা করছে। এগুলোর মধ্যে রয়েছে ‘সামথিং ইন দ্য ইয়ার’ (ফ্রান্স), ‘টু দ্য ওয়ান্ডার’ (যুক্তরাষ্ট্র), ‘অ্যাট অ্যানি প্রাইস’ (যুক্তরাষ্ট্র), ‘ডরম্যান্ট বিউটি’ (ফ্রান্স, ইতালি), ‘ফিল দ্য ভয়েড’ (ইসরায়েল), ‘প্যাশন’ (ফ্রান্স, জার্মানি), ‘সুপারস্টার’ (ফ্রান্স, বেলজিয়াম), ‘পিয়েটা’ (দক্ষিণ কোরিয়া), ‘আউটরেজ বিয়ন্ড’ (জাপান), ‘দ্য উম্ব’ (ফিলিপাইন), ‘বিট্রেয়াল’ (রাশিয়া) প্রভৃতি।