শুরু হলো মহান বিজয়ের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা’ দ্বিজেন্দ্রলাল রায়ের (ডি এল রায়) গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তখন বহু মানুষের জমায়েত। সবাই এসেছেন জাতির চিরগৌরবময় মহান বিজয় উৎসবে শামিল হতে।‘জেনে নাও—শহীদ যোদ্ধা বীর/ যুদ্ধাপরাধীরা আবারও নতশির’ স্লোগানের মধ্য দিয়ে গতকাল সোমবার শুরু হলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের চার দিনের বিজয় উৎসব। বিকেলে ছায়ানটের শিশু বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে জাতীয় সংগীত গেয়ে উৎসব শুরু করলেন সবাই। এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও সম্ভ্রাম হারানো দুই লাখ মা-বোনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।আনুষ্ঠানিকতা শেষে পায়রা ও বেলুন উড়িয়ে চার দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন বিভিন্ন সেক্টরের খেতাবপ্রাপ্ত ৪০ জন বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধাদের পরিচয় করিয়ে দেন জোটের সভাপতি ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ। উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন আইটিআইয়ের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার। স্বাগত বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী ও জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ।উদ্বোধন শেষে লায়লা হাসানের পরিচালনায় নটরাজ ‘বিজয় নিশান উড়ছে ঐ বাংলার ঘরে ঘরে’ এবং স্পন্দন ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানের তালে পরিবেশন করে সমবেত নৃত্য। এরপরই সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর যুদ্ধাপরাধীদের প্রতি ধিক্কার জানিয়ে এবং তাদের বিচারের দাবি করে শামসুর রাহমানের কবিতা আবৃত্তি করেন।এরপর মুক্তিযোদ্ধাদের আত্মকথন। ওয়ারেসাত হোসেন বীর প্রতীক, গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক এবং শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম যুদ্ধদিনের স্মৃতিচারণা করেন। এ সময় তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত বাস্তবায়নের দাবি জানান। শেষে জোটের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন, ‘সোনায় মোড়ানো বাংলা মোদের’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ এবং ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ গানগুলো। আজ মঙ্গলবার থেকে রাজধানীর ছয়টি মঞ্চে একযোগে চলবে বিজয় উৎসবের অনুষ্ঠানমালা।