শুরু হলো মহানগর নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোদ-বৃষ্টির মিঠেকড়া দিনের শেষে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে মহানগর নাট্যোৎসব। ধানমন্ডির ছায়ানট ভবন মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নৃত্য ও আলোচনা। নাটক না থাকলেও দারুণ জমেছিল অনুষ্ঠান। নৃত্যের ছন্দে দর্শকেরা মুগ্ধ। উৎসবের নাট্যাভিনয় শুরু হবে আজ থেকে।পাঁচ দিনব্যাপী এই উৎসবের স্লোগান ‘ঢাকা হবে থিয়েটার নগরী’। সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম ও শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য দেন ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী। সভাপতিত্ব করেন ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী। পরে নৃত্য পরিবেশন করে জাগো আর্ট সেন্টারের শিল্পীরা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত এ উৎসবে একযোগে ঢাকা শহরের চারটি মিলনায়তনে নাটক মঞ্চস্থ হবে।এদিকে আজ শুক্রবার প্রথম দিনে ছায়ানট মিলনায়তনে মঞ্চস্থ হবে স্বপ্নদল নাট্যদলের ‘ত্রিংশ শতাব্দী’, পুরান ঢাকার সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী নাট্যদলের সাধুচরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে অবয়ব নাট্যদলের ভূমধ্যসাগর এবং নাটক সরণির মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে বাংলাদেশ থিয়েটারের সী-মোরগ। উৎসব চলবে ৬ এপ্রিল পর্যন্ত।