দেশের প্রান্তিক জনগোষ্ঠীর প্রাত্যহিক জীবনযাত্রার আনন্দ-বেদনার মুহূর্ত এবং নিসর্গের সৌন্দর্যকে আঁকার উপজীব্য করে তুলেছেন অগ্রগণ্য শিল্পী রফিকুন নবী। তাঁর সাম্প্রতিক কাজ নিয়ে দশম একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হলো গতকাল ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে।গতকাল শুক্রবার সন্ধ্যায় বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী এই প্রদর্শনীর উদ্বোধন করে বলেন, এই বয়সে বড় আকারের কাজ করা অত্যন্ত কঠিন। রফিকুন নবী তা সম্পন্ন করতে পেরেছেন। তাঁর ছবিতে দেশের মাটির গন্ধ, প্রান্তিক মানুষের প্রতি গভীর দরদ ও সমাজ বাস্তবতার প্রতি অনুসন্ধানী দৃষ্টি একটি বিশেষ মাত্রা লাভ করেছে। সৃজনশীল মানুষ হিসেবে তাঁর কাজে নব নব উত্তোরণ ঘটেছে।প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ২৭টি। এর মধ্যে ১৫টি অ্যাক্রেলিকে করা, ১২টি জলরঙের। অধিকাংশ কাজই আকারে বৃহৎ। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী তাঁর এই প্রদর্শনী ও কাজগুলোর প্রেক্ষাপট তুলে ধরেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও শিল্পকলার পৃষ্ঠপোষক উইনার্স গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক দুর্জয় রহমান। সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মানুষ ও প্রকৃতির প্রতি শিল্পী রফিকুন নবীর যে ঝোঁক রয়েছে, প্রদর্শনীর কাজগুলোতে তা দেখা যায়। তিনি বড় মাপের শিল্পী, কিন্তু কত বড় মাপের এই প্রদর্শনী তা দেখিয়ে দেয়।প্রদর্শনীটি চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। অনুষ্ঠানের সঞ্চালক শিল্পী নিসার হোসেন জানান, সমাপনী দিনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে রফিকুন নবীর কাজ নিয়ে প্রকাশিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। এ ছাড়া তাঁর সংগ্রাহকেরা যেন সুলভে তাঁর একটি শিল্পকর্ম সংগ্রহ করতে পারেন সে জন্য একটি ছাপচিত্রও (এচিং) করবেন তিনি। এটি সংগ্রহ করতে আগ্রহীদের আর্ট সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে হবে।বাংলা একাডেমীতে আজ থেকে আন্তর্জাতিক ফোকলোর সম্মেলনবাংলা একাডেমীর আয়োজনে আজ শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিনের আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন। সম্মেলনে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইস্তোনিয়া ও ভারতের বিশিষ্ট লোকগবেষকেরা অংশ নেবেন।গতকাল এ উপলক্ষে একাডেমীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সম্মেলনের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন মহাপরিচালক শামসুজ্জামান খান। উপস্থিত ছিলেন পরিচালক শাহিদা খাতুন ও জনসংযোগ উপপরিচালক মুর্শিদ আনোয়ারসহ অন্য কর্মকর্তারা।মহাপরিচালক জানান, এর আগে ১৯৭৪ সালে প্রথম এমন বড় আকারের আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন হয়েছি। এই সম্মেলনে দেশে যে লোকসংস্কৃতি নিয়ে গবেষণা চলছে তা তুলে ধরা হবে এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত নিয়ে এই গবেষণাকে সমৃদ্ধ করা হবে। গত দুই বছর আগে একাডেমীর উদ্যোগে দেশের ৬৪টি জেলার লোকসংস্কৃতির মাঠপর্যায়ের গবেষণা শুরু হয়। এর ফল নিয়ে প্রতিটি জেলার জন্য একটি করে বই প্রকাশ করা হবে। এর মধ্যেই ৩৫টি পান্ডুলিপি জমা হয়েছে। এই প্রকল্পসহ দেশের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির নানা দিক নিয়ে সম্মেলনে একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে। আজ সকাল ১০টায় একাডেমীর নতুন ভবন মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান বক্তা থাকবেন যুক্তরাষ্ট্রের লোকগবেষক অধ্যাপক হেনরি গ্লাসি। বক্তব্য দেবেন এস্তোনিয়ার অধ্যাপক উলো ভাল্ক। স্বাগত বক্তব্য দেবেন ফিরোজ মাহমুদ। সভাপতিত্ব করবেন শামসুজ্জামান খান।