শুরু হলো লাভলুর ‘ওয়ারিশ’
‘ওয়ারিশ শুধু চলচ্চিত্রের নাম নয়, ধৈর্যের অনেক উঁচু দেয়ালের নাম। স্রোতের বিপরীতে চলার নাম ওয়ারিশ।’ এভাবেই নিজের নতুন ছবি নিয়ে বললেন পরিচালক সালাহউদ্দিন লাভলু। গতকাল শনিবার দুপুরে হোটেল শেরাটনে অনুষ্ঠিত হলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ওয়ারিশ ছবির মহরত অনুষ্ঠান। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আরেফিন শুভ ও ২০০৯ সালের লাক্স-চ্যানেল আই সুপার স্টার মেহজাবিন চৌধুরী।লাভলু বললেন, ‘দেড় বছর ধরে ছবির পরিকল্পনার কাজ করেছি।’ ছবির গল্প প্রসঙ্গে বললেন, ‘ওয়ারিশ মানে উত্তরাধিকার। আমরা যোগ্য ওয়ারিশের মতো পূর্বপুরুষদের সম্পদ ব্যবহার করি। কিন্তু তাঁদের সততা আর আদর্শের পথে হাঁটি না। সেই আদর্শের উত্তরাধিকারের গল্প নিয়ে আমার চলচ্চিত্র ওয়ারিশ।’লাভলুর প্রথম ছবি ছিল মোল্লাবাড়ির বউ। এরপর প্রায় পাঁচ বছর বিরতি। গতকাল মহরতের মধ্য দিয়ে শুরু হলো তাঁর দ্বিতীয় ছবির কাজ।অনুষ্ঠানে বক্তব্য দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মমতাজ আলা শাকুর আহমেদ এবং ছবির পরিচালক। এরপর ছবির দুই শিল্পী শুভ ও মেহজাবিন ‘চলো হাত ধরে মরে যাই, উঠি ওই পাহাড়ে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।২৫ মে থেকে ওয়ারিশ ছবির শুটিং শুরু হবে।ছবিতে আরও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম, তারিক আনাম খান, রাইসুল ইসলাম আসাদ, কেরামত মাওলা প্রমুখ।কাহিনি ও সংলাপ রচনা করেছেন ফারুক হোসেন। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ ও এস আই টুটুল। গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, কুমার বিশ্বজিত্ ও এস আই টুটুল।