
‘আমার গান যাতে আমার গান ব’লে মনে হয় এইটি তোমরা করো।...তোমাদের কাছে আমার মিনতি—তোমাদের গান যেন আমার গানের কাছাকাছি হয়, যেন শুনে আমিও আমার গান বলে চিনতে পারি। এখন এমন হয় যে, আমার গান শুনে নিজের গান কি না বুঝতে পারি না। মনে হয় কথাটা যেন আমার, সুরটা যেন নয়।’ কথাগুলো রবীন্দ্রনাথের।
কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা আয়োজিত রবীন্দ্রসংগীত উৎসবে কবিগুরুর এ কথাগুলো আবার স্মরণ করলেন প্রধান অতিথি আসাদ চৌধুরী। উৎসবের শুরুর দিন শিল্পীরা যেন কবির অনুরোধ রাখার চেষ্টাটাই করলেন। ‘...হও মৃত্যু তোরণ উত্তীর্ণ, যাক, যাক ভেসে যাক যাহা জীর্ণ’—কবির কথাকে ধারণ করে গতকাল মঙ্গলবার শুরু হলো পাঁচ দিনের উৎসব। শুরুতে ছিল জাতীয় সংগীত। সংগঠনটির রীতি অনুযায়ী ছিল তিনটি সমবেত পরিবেশনা—‘ও আমার দেশের মাটি’, ‘আকাশভরা সূর্য-তারা’ ও ‘বাঁধ ভেঙে দাও’। এরপর বিশেষ সম্মাননা জানানো হয় রবীন্দ্রসংগীতশিল্পী নাসরিন শামসকে। স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক সাজেদ আকবর। বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার সন্দীপ চক্রবর্তী।
সংগঠনটির সভাপতি তপন মাহমুদের বক্তব্যের পর ছিল একক কণ্ঠে রবীন্দ্রনাথের গান।