শুরু হলো শিশু একাডেমী বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু একাডেমীর বইমেলায় গতকাল বই পড়ায় মগ্ন কয়েকটি শিশু  প্রথম আলো
শিশু একাডেমীর বইমেলায় গতকাল বই পড়ায় মগ্ন কয়েকটি শিশু প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী চত্বরে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে শিশু একাডেমী বইমেলা-২০১৪। অগ্রণী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় এই বইমেলার আয়োজন করেছে শিশু একাডেমী।
চতুর্থবারের মতো আয়োজিত শিশুদের জন্য এই বইমেলা গতকাল বিকেলে উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশের জন্ম মার্চ মাসে। তাই মার্চ মাস মানেই এগিয়ে যাওয়া। একাত্তরের ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে যে মুক্তির সংগ্রাম শুরু হয়েছিল, তা আজও চলছে। এ সংগ্রাম শিশুদের অজ্ঞতা থেকে মুক্তির সংগ্রাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘বঙ্গবন্ধু সারা জীবন যে আদর্শের জন্য লড়াই করেছেন, তা শিশু-কিশোরসহ সবার পড়া উচিত।’
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ এবং জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন। বইমেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত।