শুরু হলো শিশু চলচ্চিত্র উৎসব
কেন্দ্রীয় গণগ্রন্থাগারের করিডরের এক কিনারে পাশাপাশি তিনটি স্টল। কর্মীরা ভীষণ ব্যস্ত। একটু এগিয়ে গিয়ে দেখা মিলল আরও একদল শিশু-কিশোরের, যাদের বেশির ভাগই ব্যতিব্যস্ত অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে। উচ্ছ্বাস-উদ্দীপনায় প্রাণবন্ত ছোটাছুটি তাদের। বড়রাও ছিলেন। তবে তাঁদের ভূমিকা সহায়কের। সেখানে যে আয়োজন চলছিল, তার নেতৃত্বে দেখা গেল শিশু-কিশোরদেরই। শত শত শিশু-কিশোরের উপস্থিতিতে প্রাণচঞ্চল হয়ে আছে এলাকাটি। নকশা করা নানা রঙের কাগজ দিয়ে সাজানো ছিল চারদিক। ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে গতকাল শনিবার এখানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সপ্তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। আয়োজন করেছে চিলড্রেন ফিল্ম সোসাইটি। বিকেলে উৎসব উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উৎসবের চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে সম্মানিক অতিথি ছিলেন মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার। বক্তব্য দেন সোসাইটির সভাপতি লেখক মুহম্মদ জাফর ইকবাল। স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে ‘আলো আমার আলো’ গানের মধ্য দিয়ে অতিথি বরণ করে নেওয়া হয়। পরে গণগ্রন্থাগারের উন্মুক্ত প্রাঙ্গণে একঝাঁক সাদা পায়রা অবমুক্ত করা হয়। বাদ্যযন্ত্রের তালে তালে বের হয় শোভাযাত্রা।
এরপর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুরু হয় অনুষ্ঠান। অতিথিরা প্রদীপ প্রজ্জ্বালন করেন এবং উৎসব নিয়ে নিজেদের অভিমত দেন ও অভিজ্ঞতা বর্ণনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উৎসবের প্রথম দিনে স্বাগতিক বাংলাদেশসহ পাঁচটি দেশের চলচ্চিত্র দেখানো হয়। চলচ্চিত্রগুলো হলোআই স্পাই উইথ মাই লিটল আই (জার্মানি),ম্যাক্রোপলিস (ইউকে) আর্কোনাডা (স্পেপন), মাদার আই লাভ ইউ (লাটভিয়া) এবং ব্রিটিশ কাউন্সিল প্রযোজিত চলচ্চিত্র গোলকধাঁধা।
সাত দিনের এ উৎসবে সারা দেশের ১২টি কেন্দ্রে ৩৫টি দেশের ১৫০টির বেশি শিশুতোষ চলচ্চিত্র দেখানো হচ্ছে।