শুরু হলো সংগীত উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায় নেওয়ার আভাস দিয়েও মাঘের মাঝামাঝি সময়ে আবারও জাঁকিয়ে বসেছে শীত। বাইরে কুয়াশার ঘন ঘের আর কনকনে হাওয়া। এমন দিনে ঘরের ভেতরের কবোষ্ণ পরিবেশে গান শোনার আনন্দই আলাদা। গতকাল সোমবার সন্ধ্যায় শুদ্ধ সংগীতের শ্রোতাদের জন্য এমনই এক আয়োজন করেছিল শিল্পকলা একাডেমী। সেখানে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘উচ্চাঙ্গসংগীত উত্সব’। সন্ধ্যায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে শ্রোতার সংখ্যাও ছিল যথেষ্ট। উত্সবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংগীতজ্ঞ মোবারক হোসেন খান ও নৃত্যশিল্পী লায়লা হাসান। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগীত ও নৃত্য বিভাগের উপপরিচালক আবদুল কাদের তালুকদার।উদ্বোধনী আলোচনা শেষে শুরু হয় সংগীত পরিবেশনা। কণ্ঠ, বাদ্যযন্ত্র আর নূপুরের ঝংকার এক হয়ে ভেসে বেড়ায় মিলনায়তনজুড়ে। শুরুতেই শাহাদাত্ হোসেন খান বাজিয়ে শোনান সরোদ। এরপর আফসানা খান সেতার, রুখসানা খান সরোদ, জাকির হোসেন তবলা, রিনাত ফৌজিয়া সেতার এবং পণ্ডিত শিবনাথ দাস বাঁশিতে রাগ-রাগিণী পরিবেশন করেন। কণ্ঠসংগীতে ছিলেন অসিত রায়, রেজওয়ানুল হক, ফকির শহিদুল ইসলাম, অসিত দে, লায়লা তাসমীন প্রমুখ।এ ছাড়া, শাস্ত্রীয় নৃত্যে মুনমুন আহমেদ ও কচি রহমান কত্থক, ফারহানা চৌধুরী, হেনা হোসেন ও রেশমা জামান ওড়িশি এবং রুমানা আজাদ ভরতনাট্যম পরিবেশন করেন। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে বিকেলে একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে উচ্চাঙ্গসংগীত চর্চা: সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার। কামাল চৌধুরীর বইয়ের প্রকাশনাপেশায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হলেও কামাল চৌধুরী এ দেশের কবিতাঙ্গনে বিশিষ্ট একজন কবি। তাঁর কবিতায় সময়ের উত্তাপ, মুক্তিযুদ্ধের মর্ম ও চেতনা বিশ্বস্ততার সঙ্গে প্রতিফলিত হয়েছে। সোমবার ছিল তাঁর ৫৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে কবির বন্ধু, সুহূদ, শিল্পী ও লেখকদের এক প্রীতি সম্মিলনের আয়োজন করে বেঙ্গল ফাউন্ডেশন। অনুষ্ঠানে বেঙ্গল পাবলিকেশনস প্রকাশিত তাঁর মুক্তি ও স্বাধীনতার কবিতা শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী, আবুল হাসানাত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফসহ বিশিষ্ট ব্যক্তিরা কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। সংগীত পরিবেশন করেন শিল্পী নিলুফার জাহান। আবৃত্তি পরিবেশন করেন রূপা চক্রবর্তী ও আহকামউল্লাহ। মিনিয়েচার প্রদর্শনী ও কর্মশালাদেশের প্রবীণ ও নবীন শিল্পীদের মিনিয়েচার শিল্পকর্ম নিয়ে ‘রিভাইভিং মিনিয়েচার’ নামের প্রদর্শনী শুরু হচ্ছে আজ থেকে গ্যালারি কসমস-২-এ। সন্ধ্যা ছয়টায় মহাখালীর নিউ ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ১১৫ নম্বর বাড়ির গ্যালারিতে যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুলিয়েলমিনো। অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আবুল বারক আলভী এবং গ্যালারি কসমস ও কসমস আতেলিয়ে ৭১ প্রিন্টমেকিং স্টুডিওর চেয়ারম্যান এনায়েতউল্লাহ খান। প্রদর্শনী উপলক্ষে মিনিয়েচার শিল্পকর্মের ওপর পাকিস্তানের সেন্টার ফর এক্সিলেন্স ইন আর্ট অ্যান্ড ডিজাইনের ফ্যাকাল্টি মেম্বার শিল্পী সাফদার আলী কোরাইশির তত্ত্বাবধানে ১০ দিনের কর্মশালাও অনুষ্ঠিত হবে। প্রদর্শনী ও কর্মশালা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।