শুরু হলো সবার জন্য ছাপচিত্র মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আর্ট সেন্টারে কিবরিয়া ছাত্রচিপ  মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবীর হাতে আজীবন সম্মাননার ক্রেস্ট তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান। ডান থেকে দুর্জয় রহমান, মনিরুল ইসলাম ও সৈয়দ শামসুল হক ।  ছবি: প্রথম আলো
ঢাকা আর্ট সেন্টারে কিবরিয়া ছাত্রচিপ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী রফিকুন নবীর হাতে আজীবন সম্মাননার ক্রেস্ট তুলে দেন অধ্যাপক আনিসুজ্জামান। ডান থেকে দুর্জয় রহমান, মনিরুল ইসলাম ও সৈয়দ শামসুল হক । ছবি: প্রথম আলো

শিল্পকর্ম সংগ্রহের সাধ থাকে অনেকেরই। কিন্তু চড়া দামের কারণে আমজনতার পক্ষে সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না। সাধ আর সাধ্যের এই ব্যবধান ঘুচিয়ে শিল্পকর্মকে সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ২০১২ সালে যাত্রা শুরু হয়েছিল কিবরিয়া ছাপচিত্র মেলার। ‘সবার জন্য ছাপচিত্র’ প্রতিপাদ্য নিয়ে এবার তৃতীয়বারের মতো মেলা শুরু হলো গতকাল রোববার ঢাকা আর্ট সেন্টারে।
টিপটিপ বৃষ্টিভেজা বসন্তের সন্ধ্যায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এবার ছাপচিত্রে বিশেষ অবদান রাখায় আজীবন সম্মাননা জানানো হলো দেশের অগ্রগণ্য শিল্পী রফিকুন নবীকে।
অনুষ্ঠানের সূচনা করে শিল্পী নিসার হোসেন জানান, ঢাকা আর্ট সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মেলা হচ্ছে। আগের দুটি মেলা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হলেও এবার দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে করা সম্ভব হয়নি। ভাষার মাস ফেব্রুয়ারিতে মেলার আয়োজন করা হয়েছে। এবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের চারুকলা বিভাগ এবং সফিউদ্দিন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিও, শূন্য আর্ট স্পেস, আতেলিয়ার ৭১, কসমস আতেলিয়ার ৭১, বর্ণিকা স্টুডিও, বাংলাদেশ প্রিন্টমেকার্স অ্যাসোসিয়েশন, কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিও এবং ঢাকা আর্ট সেন্টার এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
স্বাগত বক্তব্য দেন ঢাকা আর্ট সেন্টারের সভাপতি রামেন্দু মজুমদার। এরপর শিল্পী রফিকুন নবীকে আজীবন সম্মাননা জানানো হয়। তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আনিসুজ্জামান। সম্মাননার ২৫ হাজার টাকার চেক তুলে দেন মেলা উদ্যাপন পর্ষদের আহ্বায়ক শিল্পী সৈয়দ আবুল বারক আলভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম ও শিল্প সংগ্রাহক দুর্জয় রহমান। সভাপতিত্ব করেন সাহিত্যিক সৈয়দ শামসুল হক। রফিকুন নবীর শিল্পসাধনা ও ছাপচিত্রে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন শিল্প-সমালোচক মইনুদ্দিন খালেদ।
সম্মাননার প্রতিক্রিয়ায় রফিকুন নবী পঞ্চাশের দশকে গ্রিসে ছাপচিত্রকলায় উচ্চশিক্ষা গ্রহণের অভিজ্ঞতা তুলে ধরেন এবং তৎকালীন ঢাকা চারুকলা ইনস্টিটিউটে শিল্পী সফিউদ্দিন আহমেদ ও মোহাম্মদ কিবরিয়ার কাছে ছাপচিত্র বিভাগে শিক্ষা ও কাজ করার স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ইদানীং বয়সের কারণে এই শ্রমঘন মাধ্যমটিতে কাজ করছেন না। তবে এই সম্মাননা পাওয়ায় আবার ছাপচিত্র মাধ্যমটিতে কাজ করার অনুপ্রেরণা পেলেন।
আনিসুজ্জামান বলেন, রফিকুন নবীর কাজ বৈচিত্র্যময়। কার্টুন, জলরং, তেলরং, কাঠখোদাইসহ বিভিন্ন কাজের জন্য তিনি বিভিন্ন জনের কাছে পেয়েছেন বিশেষ খ্যাতি। প্রতিনিয়ত কাজের মধ্যে থেকে তিনি ক্রমাগত নিজেকে অতিক্রম করার চেষ্টা করে চলেছেন। জীবদ্দশায় তাঁর কাজের স্বীকৃতির জন্য এই সম্মাননা প্রদান সবার জন্যই আনন্দের বিষয়।
অনুষ্ঠানে ঘোষণা করা হয়, আগামী বছর থেকে ছাপচিত্র মেলায় শ্রেষ্ঠ কাজের জন্য দুটি পুরস্কার দেওয়া হবে। এর অর্থমান হবে যথাক্রমে ৮০ ও ৭০ হাজার টাকা। দুর্জয় রহমান এই পুরস্কার ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পী রশিদ আমিন।
কিবরিয়া ছাপচিত্র মেলায় স্বল্পমূল্যে শিল্পকর্ম সংগ্রহ করতে পারবেন শিল্পানুরাগীরা। মেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।