শুরু হলো সালমান শাহ স্মরণোত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান শাহ। ফাইল ছবি
সালমান শাহ। ফাইল ছবি

বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়েছে ‘সালমান শাহ স্মরণোত্সব-২০১৪’। স্মরণোত্সবের উদ্বোধন করেন সালমান শাহের প্রথম ছবির নায়িকা মৌসুমী। তিনি বলেন, ‘সালমানের মতো নায়ককে সম্মান করতে পারাটাই অনেক বেশি আনন্দের। আমরা অনেকেই ১৮ বছর ধরে চেষ্টা করেছি তাঁকে নিয়ে ভিন্নধর্মী কিছু একটা করার। কিন্তু নানা কারণে সম্ভব হয়নি। ঢুলি কমিউনিকেশনস সালমান স্মরণোত্সব নামের যে অনুষ্ঠানটির আয়োজন করেছে, তার জন্য তাঁদের অনেক ধন্যবাদ।’

স্মরণোত্সবকে স্বাগত জানাতে তারকা অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমর সানী, অনন্ত, ইমন, নিরব, নিলয়, আইরিন, দেবাশীষ বিশ্বাসসহ আরও অনেকে।

অনন্ত তাঁর বক্তব্যে বলেন, ‘আমার অনেক পছন্দের অভিনেতা সালমান শাহ। সালমানের মতো সন্তানের জন্মে আলোকিত হয়েছে বাংলা চলচ্চিত্র। ধন্যবাদ সালমানের মা-বাবা ও চলচ্চিত্রে সালমানের আবিষ্কারক সোহানুর রাহমান সোহানকে।’

সোহান বলেন, ‘বাংলা চলচ্চিত্রে সালমান অলিখিত একটি অধ্যায়। তাঁর আগমনে তখন সিনেমার ব্যবসায় একটা বড় পরিবর্তন হয়।’

এদিকে আয়োজক প্রতিষ্ঠান ঢুলি কমিউনিকেশনস সূত্র জানায়, মৃত্যুকে শোক নয় বরং সালমানের সৃজন উত্কর্ষকে অনুপ্রেরণায় পরিণত করতেই এ আয়োজন। এ উত্সব আয়োজনের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে সালমান শাহের চিত্রশৈলী ছড়িয়ে দিতে চায় তারা।

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে এ-ও জানা গেছে, আজ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার বলাকা সিনেওয়ার্ল্ডে চলবে এ উত্সব। প্রতিদিন একটি করে সালমান শাহ অভিনীত মোট ছয়টি উল্লেখযোগ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সেই তালিকায় আজ উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে থাকছে কেয়ামত থেকে কেয়ামত। আগামীকাল স্বপ্নের ঠিকানা, ৮ সেপ্টেম্বর সুজন সখী, ৯ সেপ্টেম্বর অন্তরে অন্তরে, ১০ সেপ্টেম্বর তুমি আমার এবং সমাপনী দিনে প্রদর্শিত হবে সত্যের মৃত্যু নাই ছবিটি।

সালমান স্মরণোত্সবের প্রধান পৃষ্ঠপোষক প্রাণ গ্রুপ। উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারহানা নিশো ও আনজাম মাসুদ।