শুরু হলো হেমন্তের বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় গণগ্রন্থাগারের প্রবেশপথের সামনে রঙিন ফটক। তাতে লেখা ‘হেমন্তের বইমেলা’। ভেতরের পথের দুই পাশ ব্যানার-ফেস্টুন-পোস্টারে ছাওয়া। তাতে বই নিয়ে বিভিন্ন মনীষীর উক্তি আর নতুন বইয়ের ছবি। আছে মূল্যছাড়ের ঘোষণা। প্রকাশকদের এই আয়োজন বৃথা যায়নি। গতকাল বুধবার বিকেলে উদ্বোধনী দিনেই হেমন্তের বইমেলায় গ্রন্থানুরাগীদের ভিড় ছিল যথেষ্ট।কেন্দ্রীয় গণগ্রন্থাগারের উন্মুক্ত চত্বরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, শাহবাগ শাখার আয়োজনে শুরু হয়েছে হেমন্তের বইমেলা। চলবে ১২ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।শাহবাগের ১৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। হেমন্তের বইমেলা উপলক্ষে প্রকাশনা প্রতিষ্ঠানগুলোও নতুন নতুন বই বের করেছে।গতকাল উদ্বোধনী দিনে গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে ‘বিশ্বায়নে সৃজনশীল বাংলা প্রকাশনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের যৌথ আয়োজক ছিল গণগ্রন্থাগার অধিদপ্তর। মূল প্রবন্ধ পাঠ করেন খান মাহবুব।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। অতিথি ছিলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম ও গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মো. নূর হোসেন তালুকদার, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান ও আনু মাহ্মুদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শাহবাগ শাখার আহ্বায়ক ফয়সল আরেফিন।এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন ও আরিফুর রহমান প্রথম দিনেই এসেছিলেন মেলায়। তাঁরা বললেন, ‘একুশে বইমেলার জন্য সারা বছর অপেক্ষায় থাকতে হয়। মাঝেমধ্যে ঋতুভিত্তিক বইমেলা হলে নতুন বইয়ের খোঁজখবর পাওয়া যায়। মেলায় আসতে ভালো লাগে।’বইমেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে পাঠক সমাবেশ, প্রথমা প্রকাশন, জাগৃতি প্রকাশ, সন্দেশ, প্যাপিরাস, ঘাস ফুল নদী, পলল প্রকাশনী, ম্যাগনাম ওপাস, ভাষাচিত্র, উৎস প্রকাশন, শুদ্ধস্বর, কথাপ্রকাশ, জনান্তিক, মুক্তচিন্তা প্রকাশনা, অ্যাডর্ন, জ্যোতিপ্রকাশ, স্বরাজ প্রকাশনী ও নিমফিয়া পাবলিকেশন।তরুণ সংগীতশিল্পীদের সংগঠননিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সংগঠন গড়েছেন তরুণ সংগীতশিল্পীরা। প্রাথমিকভাবে সংগঠনটির নাম রাখা হয়েছে ‘রিপাবলিক অব ইয়াং মিউজিশিয়ান বাংলাদেশ’ (আরওয়াইএমবি)। গতকাল বুধবার রাজধানীর এক হোটেলে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের ঘোষণা দেওয়া হয়।এই সংগঠনের অন্যতম উদ্যোক্তা সংগীতশিল্পী আসিফ আকবর জানান, ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ ও ‘সেরা কণ্ঠ’সহ বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় যাঁরা সাফল্য পেয়েছেন, তাঁরা এই সংগঠনের সদস্য। এর বাইরেও যাঁরা বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অডিও অ্যালবাম প্রকাশ করেছেন, সেসব তরুণ শিল্পীও সদস্য হতে পারবেন।অনুষ্ঠানে জানানো হয়, কণ্ঠশিল্পীদের পাশাপাশি তরুণ গীতিকার, সুরকার, সংগীতপরিচালক ও যন্ত্রীরা এই সংগঠনের সদস্য হতে পারবেন। জ্যেষ্ঠ শিল্পীরাও এই সংগঠনের সদস্য হতে পারবেন। তবে নেতৃত্বে থাকবেন তরুণেরা। কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, সংগীতের সঙ্গে ভবিষ্যতে যাঁরা জড়িত হবেন, তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা থাকবে এই সংগঠনের।