শুরু হলো 'ডাস্ট টু ডাস্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পীর সঙ্গে শিল্পকর্ম ঘুরে দেখছেন উদ্বোধক সৈয়দ শামসুল হক l ছবি: সংগৃহীত
শিল্পীর সঙ্গে শিল্পকর্ম ঘুরে দেখছেন উদ্বোধক সৈয়দ শামসুল হক l ছবি: সংগৃহীত

শিল্পী মাহবুবুর রহমানের একক প্রদর্শনী ‘ডাস্ট টু ডাস্ট (২০১০-২০১৫)’-এর উদ্বোধন হলো গত শনিবার সন্ধ্যা ছয়টায়। গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে তিন সপ্তাহব্যাপী এ প্রদর্শনী যৌথভাবে উদ্বোধন করেন বরেণ্য লেখক সৈয়দ শামসুল হক ও চিত্রশিল্পী শহীদ কবির।
প্রদর্শনীর একটি গুরুত্বপূর্ণ শিল্পকর্ম হলো ‘আই ওয়াজ টোল্ড টু সে দিজ ওয়ার্ড’ বা ‘আমাকে এই শব্দগুলো উচ্চারণ করতে বলা হয়েছিল’। এটি ২০১১ সালে ভেনিস বিয়েনালে প্রদর্শিত হয়েছিল। বাংলাদেশে প্রথমবারের মতো শিল্পকর্মটি প্রদর্শিত হচ্ছে।
মাহবুবুর রহমানের কিছু নতুন, কিছু আগের শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী।
পুঠিয়ায় লোকনাট্য উৎসব
‘এসো প্রাণের আলোয় করি দূর কালের অন্ধকার’ স্লোগান সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় গতকাল রোববার শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকনাট্য উৎসব। পুঠিয়া থিয়েটারের আয়োজনে এটি ১২তম উৎসব। পুঠিয়া রাজবাড়ি মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংসদ ইসরাফিল আলম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, নাট্যজন ঝুনা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাসান প্রমুখ। বেলা সোয়া তিনটায় উৎসবের উদ্বোধন করেন পুঠিয়া-দুর্গাপুর আসনের সাংসদ কাজী আবদুল ওয়াদুদ।
আলোচনা অনুষ্ঠান শেষে গণহত্যা স্মারকমঞ্চে অতিথিরা শ্রদ্ধা নিবেদন করেন। একাত্তরের এই দিনে পুঠিয়ায় গণহত্যা সংঘটিত হয়েছিল।
বিকেল পৌনে পাঁচটায় সেলিম আল দীন লোকনাট্য সম্মাননা স্মারক দেওয়া হয়। এবার বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য আলী আফরোজ পিনু ও ইলা মিত্র অঞ্চলের প্রতিষ্ঠাতা সদস্য তাজুল ইসলামকে এই স্মারক দেওয়া হয়।