শুরু হলো 'স্বপ্নজাল'

গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা ছবিটি পরীমনি দেখেছেন নয়বার। প্রেক্ষাগৃহে বসে এমন একটি ছবিতে অভিনয়ের স্বপ্ন দেখেছেন। কিন্তু সেই স্বপ্ন যে সত্যি হবে, তা তিনি ভাবতেও পারেননি। গিয়াসউদ্দিন সেলিমের নতুন ছবিতে অভিনয় করছেন পরীমনি। ছবির নাম স্বপ্নজাল।
গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীর পারে এক বাড়িতে স্বপ্নজাল ছবির শুটিং শুরু হয়েছে। সকালে প্রথমেই ক্যামেরার সামনে দাঁড়ান পরীমনি। তাঁর সঙ্গে ছিলেন নবাগত ইয়াশ রোহান এবং আরও কয়েকজন শিল্পী।
দুপুরে শুটিংয়ের ফাঁকে কথা হলো গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন। বললেন, ‘অনেক দিন পর আমার নতুন ছবির কাজ শুরু করেছি। সবাই খুব আন্তরিক। আমরা এখন আছি চাঁদপুরে। পুরো এক মাস থাকব এখানে।’
ছবির গল্পের ভাবনা প্রসঙ্গে গিয়াসউদ্দিন সেলিম জানান, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু আর শুভ্রা। ভূমিদস্যু আয়নাল গাজী শুভ্রার বাবাকে হত্যা করে সবকিছু হাতিয়ে নেয়। মা আর ছোট ভাইকে নিয়ে দেশান্তরি হয় শুভ্রা। শিকড়ে ফেরার স্বপ্ন তার চোখে। ছবিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।