শুরু হয়েছে কত্থক নৃত্য উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সন্ধ্যায় ধানমন্ডির ছায়ানট সংগীত বিদ্যায়তন মিলনায়তনে শুরু হয়েছে তিন দিনের কত্থক নৃত্য উৎসব-১৪২২। কত্থক নৃত্য সম্প্রদায়ের আয়োজনে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে এই উৎসব উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের কর্ণধার সাজু আহমেদ। শিল্পী লায়লা হাসান বলেন, ‘নাচের ভাষা বিশ্বজনীন। আমরা নাচের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করি। আমাদের দেশে এখনো নাচের মূল্যায়ন নেই। এমনকি সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতারও অভাব রয়েছে।’

সেলিনা হোসেন বলেন, ‘আমি নাচের মানুষ না হলেও শিল্পের মানুষ। শিল্পের সাধনার মাধ্যমে মনুষ্যত্বের জয় হোক।’

এবারের উৎসবে জীনাত জাহান স্মৃতি সম্মাননা পদক-১৪২২ দেওয়া হয় নৃত্যশিল্পী লুবনা মরিয়মকে।

নৃত্য শুরু হয় ‘বন্দনা এবং ছন্দমালিকা’ নাচের মধ্য দিয়ে। উৎসবের প্রথম সন্ধ্যায় আরও ছিল রাগ মালকোষ সহযোগে তারানা, কম্পোজিশন, মেঘবন্দনাসহ আরও বেশ কিছু নাচ। রাগ খাম্বাজযোগে তারানা পরিবেশন করেন কানাডাপ্রবাসী নৃত্যশিল্পী শেহজীন শেহনাজ এবং চতুরঙ্গ পরিবেশন করেন যশোরের কাঙ্ক্ষিতা।