শুরু হয়েছে পৌষবিদায়ী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরের ধারার আয়োজনে পৌষ উৎ​সবে পরিবেশিত একটি নাচ l প্রথম আলো
সুরের ধারার আয়োজনে পৌষ উৎ​সবে পরিবেশিত একটি নাচ l প্রথম আলো

গ্রামবাংলার আবহে রাজধানীতে শুরু হয়েছে পৌষ উৎসব। লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজের মাঠে ঘুরছে নাগরদোলা, বসেছে লোকজ পণ্যের প্রদর্শনী। গতকাল বুধবার বিকেলে পৌষ উৎসব ১৪২২ উদ্বোধন করেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল। ঢোলের তালে নাচ ও ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ গানের মধ্য দিয়ে শুরু হওয়ার পর স্বাগত বক্তব্য দেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
উৎসবে সুরের ধারার শিক্ষার্থীরা ‘আলো আমার আলো’, ‘তোমার আনন্দ ওই এল’সহ আর বেশ কয়েকটি গান শোনান। এ ছাড়া স্বাতী সরকারের পরিচালনায় পরিবেশিত হয় ব্রহ্মসংগীতালেখ্য ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’। রবীন্দ্রনাথের রাগসংগীত, পাশ্চাত্যসংগীত ও লোকসংগীত নিয়ে ছিল সংগীতালেখ্য, মিউজিক ফর ডেভেলপমেন্টের শিক্ষার্থীদের নৃত্যালেখ্য ছাড়াও ছিল নরসিংদীর কেয়া অপেরার পরিবেশনায় যাত্রাপালা রূপবান।
সন্ধ্যায় অতিথি হয়ে এসেছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
উৎসব উপলক্ষে আজও থাকবে নাচ-গান ও অন্যান্য আয়োজন। গত বছর থেকে শুরু হওয়া এই উৎসবের আয়োজক রবীন্দ্রসংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরের ধারা’।