শুরুতেই নজরুলের গানের প্রশিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ কবির। ছবি: খালেদ সরকার
শহীদ কবির। ছবি: খালেদ সরকার

নজরুল ইনস্টিটিউটে ২০ বছর বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ নিয়েছেন শহীদ কবির পলাশ। এখন এই প্রতিষ্ঠানেই প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি তরুণ শাখার প্রশিক্ষক। যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁদের বয়স ১৮ থেকে ২২ বছর। পলাশ বললেন, ‘আমরা কাজী নজরুল ইসলামের শুদ্ধ বাণী ও সুর সবার মাঝে তুলে ধরছি। তাঁদের শেখাচ্ছি। গোড়াতে কাজটা খুব সহজ ছিল না। কারণ, একটা বড় সময় নজরুলের গানের বিকৃত বাণী ও সুর ছড়িয়ে ছিল। সবাই এগুলোই শিখেছেন। এ ব্যাপারে আমি শুরু থেকেই সচেতন ছিলাম। আমি যাঁদের কাছে শিখেছি, তাঁরা প্রত্যেকেই নজরুলের গানের শুদ্ধ বাণী ও সুর সবাইকে শিখিয়েছেন।’
পলাশের বয়স এখন ৩৭। কিন্তু নজরুলের গানের প্রশিক্ষণ দিচ্ছেন বছর দশেক আগে থেকেই। আর নজরুল ইনস্টিটিউটে আছেন ২০০৭ সাল থেকে।
পলাশ একই সঙ্গে নিজে গান করেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন। এই দুটি কাজই তিনি সমান উপভোগ করেন। বললেন, ‘আমি সরাসরি গান শিখেছি বরেণ্য সংগীতগুরু সোহরাব হোসেন আর সুধীন দাশের কাছে। দীর্ঘ সময়ে তাঁদের কাছ থেকে যা শিখেছি, তা-ই এখন চর্চা করছি, অন্যদের শেখাচ্ছি। এই কাজে যে আনন্দ, তা বলে বোঝানো যাবে না।’
২০০৫ সালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ‘বেঙ্গল বিকাশ প্রতিযোগিতা’য় আধুনিক গান ও নজরুলসংগীত বিভাগে প্রথম হয়েছেন পলাশ। ২০০৯ সালে বের হয় তাঁর গাওয়া নজরুলসংগীতের প্রথম অ্যালবাম পরদেশি বঁধুয়া। ওই বছর অ্যালবামটির জন্য তিনি ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পান। এরপর তাঁর আরও দুটি অ্যালবাম বেরিয়েছে। নানা ধরনের গান নিয়ে নব নব রূপে (২০১৩) ও নজরুলসংগীত নিয়ে বসিয়া নদীকূলে (২০১৪)। বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করেছে বাজুক প্রাণে বাংলা গান শিরোনামে আধুনিক গান ও নজরুলসংগীতের দুটি অ্যালবাম। এই দুটিতেই গান করেছেন পলাশ।
এবার পলাশের গান শেখার শুরুর দিকের গল্প। পলাশ জানান, তখনো পড়াশোনায় তাঁর হাতেখড়ি হয়নি। সেই বয়সে তিনি যে গান শুনতেন, তা-ই গাইতে পারতেন। ছেলের প্রতিভা দেখে মুগ্ধ বাবা নুরুল ইসলাম। তিনি ছিলেন জামালপুর মাদারগঞ্জের স্কুলশিক্ষক। ছেলেকে নিয়ে যান বিভিন্ন অনুষ্ঠান কিংবা প্রতিযোগিতায়। ওই বয়সেই পলাশের গান শুনে মুগ্ধ হয়েছেন অনেকেই। এরপর একই সঙ্গে শুরু হয় পলাশের পড়াশোনা আর গান শেখা। শুরুতে মাদারগঞ্জে রাশেদুল ইসলাম ও অশ্বিনী কুমার, পরে জামালপুরে রুমী আজনবী ও জামালপুর জেলা শিল্পকলা একাডেমীতে গান শিখেছেন তিনি। ঢাকায় এসে নজরুলসংগীতের ওপর সার্টিফিকেট কোর্স করেন বুলবুল ললিতকলা একাডেমিতে। পলাশ বললেন, ‘নজরুল ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হওয়ার পর নজরুলসংগীতের নতুন ভুবনের সন্ধান পেয়ে যাই। আমি এখনো এই ভুবনের সঙ্গেই আছি।’
নজরুলসংগীতের শুদ্ধ বাণী ও সুর নিয়ে বিতর্কের ব্যাপারে পলাশ বলেন, ‘এগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে। নজরুল ইনস্টিটিউট যখন বিভিন্ন শিল্পীর গাওয়া নজরুলসংগীত আদি রেকর্ড থেকে শুনে শুনে স্বরলিপি তৈরি শুরু করে, আর এই স্বরলিপির ওপর ভিত্তি করে প্রশিক্ষণের ব্যবস্থা করে; তখন থেকেই সচেতনতা বাড়তে থাকে। এখন ঢাকায় এই সমস্যা নেই। বিভিন্ন জেলা শহরে যাঁরা প্রশিক্ষণ দিচ্ছেন, তাঁদেরও আমরা ঢাকায় এনে কিংবা সেখানে গিয়ে প্রশিক্ষণ দিচ্ছি। তাঁরাও নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত স্বরলিপিগুলো সংগ্রহ করছেন, আদি গান নিয়ে তৈরি অ্যালবামগুলো শুনছেন, স্বরলিপি দেখছেন, নিজের ভুলগুলো শুধরে নিচ্ছেন। এখন কিন্তু ভারতের পশ্চিমবঙ্গেও শুদ্ধ বাণী ও সুরে নজরুলসংগীত গাওয়ার ব্যাপারে সচেতনতা বাড়ছে।’
নজরুলজয়ন্তী উপলক্ষে এবার মে মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গে কবিতীর্থ চুরুলিয়ায় যান পলাশ। পরপর তিন বছর চুরুলিয়ায় আয়োজিত নজরুলজয়ন্তী অনুষ্ঠানে গান করেছেন তিনি।
পলাশ এখন বুলবুল একাডেমি অব ফাইন আর্টস প্রতিষ্ঠানের ধানমন্ডি শাখায় গান শেখাচ্ছেন। তিনি পড়াশোনা করেছেন পদার্থবিজ্ঞান নিয়ে। এখন শিক্ষকতা করছেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে। জানালেন, এখানে তিনি পদার্থবিজ্ঞানের জ্যেষ্ঠ শিক্ষক। স্ত্রী নাসরিন জাহান সরকারি কর্মকর্তা। তাঁদের এক ছেলে ও এক মেয়ে।