শুরুতেই পিয়ার দুই রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিয়া বিপাশা
পিয়া বিপাশা

ছোট পর্দার মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা অভিনয় করেছেন বড় পর্দায়। ছবির নাম রুদ্র। ছবিটি কাল ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এই ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটছে তাঁর। ছবিতে পিয়া বিপাশার বিপরীতে অভিনয় করেছেন এবি এম সুমন।
এদিকে বড় পর্দায় অভিষেকের আগে আনন্দ, শঙ্কা দুই-ই কাজ করছে পিয়ার মনে। বললেন, ‘স্বপ্ন ছিল বড় পর্দায় অভিনয় করব। স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ভালো লাগছে।’
রুদ্র ছবির কাজ হয়েছে প্রায় তিন বছর। পিয়া প্রথম যখন ছবিটিতে অভিনয় করেন, তখন বড় পর্দার কাজের জন্য নাকি তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তাই ছবিতে তাঁর অভিনয় দর্শকেরা কীভাবে নেবেন, তা নিয়ে একটু ভাবনা তো আছেই।
ছবিতে প্রথম দিন শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পিয়া বলেন, ‘প্রথম দিন আমরা কাজ করেছি কক্সবাজারে। একটি গানের দৃশ্যের শুটিং হয়েছিল। মনের মধ্যে একটু চাপ তো ছিলই। প্রথম দৃশ্য ওকে হতে আটবার শট দিতে হয়েছিল।’
রুদ্র ছবিতে আদ্রিতা ও পিয়া নামে দুটি চরিত্রে অভিনয় করেছেন পিয়া বিপাশা। পিয়া চরিত্রটি চঞ্চল আর আদ্রিতা শান্ত স্বভাবের।
একসঙ্গে দুটি চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে পিয়া বিপাশা বলেন, ‘দুটি চরিত্র দুই ভাবে এসেছে ছবিতে। আদ্রিতার মৃত্যুর পর পিয়া চরিত্রটি সামনে আসে। দুটি চরিত্রের শুটিংও দুই ভাগে করা হয়েছে। তাই কোনো সমস্যা হয়নি।’
এদিকে, রুদ্র মুক্তির আগেই মনের রাজা ও মাটি নামে আরও দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পিয়া। বললেন, ‘মনের রাজা ছবির শুটিং শুরু হয়েছে। মাটি ছবির শুটিং হবে কানাডায়। এখন প্রস্তুতি চলছে।’
রুদ্র ছবির পরিচালক সায়েম জাফর ঈমামী জানিয়েছেন, রোমান্টিক ও অ্যাকশন ধাঁচের এই ছবিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, আহমেদ শরিফ, ডন, আমির সিরাজী, সুব্রত প্রমুখ।