শুরুর আগেই মুগ্ধ দর্শক

কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সবাই এসেছিলেন এ আর রাহমানের কনসার্ট দেখার জন্য। কিন্তু তার আগেই যে সবার জন্য চমক অপেক্ষা করেছিল, তা অনেকেই ভাবতে পারেননি। তখনো মঞ্চে আলো জ্বলেনি। পেছনের এলইডি পর্দাগুলো ছিল স্থির। পুরো মঞ্চ আগে থেকেই প্রস্তুত করা হয়েছে এ আর রাহমান আর তাঁর শিল্পীদের জন্য। যে বাদ্যযন্ত্রটি যেখানে রাখার কথা, ঠিক সেখানেই সাজিয়ে রাখা হয়েছে। সংশ্লিষ্ট শিল্পী এসে সেখানেই দাঁড়াবেন। সবকিছুই যেন শুধু এ আর রাহমানের কনসার্টের জন্য প্রস্তুত। তাতে কী! শুরুতেই এলআরবি, সোলস আর অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস নিজেদের গান দিয়ে মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের বাংলা রক গানের জনপ্রিয়তার কথা। এলআরবির আইয়ুব বাচ্চুর জ্যামিং ছিল দারুণ উপভোগ্য। গানের ফাঁকে তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘আপনারা বাংলা গান শুনছেন, এ কারণে আমরা ধন্য। আমাদের জন্য হাততালি দেওয়ার দরকার নেই। পরে আরও ভালো গান হবে, সেগুলোর জন্য তালি বাঁচিয়ে রাখুন। চোখ আর কান খোলা আছে, তা-ই যথেষ্ট।’

আইসিসি টি-২০ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয় ‘বিসিবি সেলিব্রেশন কনসার্ট’। কনসার্টের শুরুতেই গান করেছেন বাংলাদেশের জনপ্রিয় এই তিনটি ব্যান্ড। কনসার্ট শুরু হয় বিকেল চারটা ৫০ মিনিটে। শুরুতেই অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের পরিবেশনা আর প্রথম গান রবীন্দ্রসংগীত ‘মোদের যেমন খেলা’। এদিন অর্ণব অ্যান্ড ফ্রেন্ডসের নিয়মিত সদস্যদের পাশাপাশি মঞ্চে আরও ছিলেন পালকি, সভ্যতা আর হূদি।
‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘বৃষ্টি দেখে’ আর ‘কেন এই নিঃসঙ্গতা’—সোলসের এ তিনটি গান শুনে মনে পড়েছে পুরোনো দিনের কথা।
শুরুতে আয়োজকেরা জানিয়েছিলেন, প্রতিটি ব্যান্ড ১০ মিনিট গান করবে। কিন্তু এলআরবি গেয়েছে পাঁচটি গান। আর তাঁরা মঞ্চে ছিলেন প্রায় আধা ঘণ্টা।
এরই মধ্যে মঞ্চে আলো জ্বলে ওঠে। মঞ্চের সামনের আসনগুলো ক্রমেই ভরে উঠছে। গ্যালারিতেও দর্শকসংখ্যা বাড়ছে। এবার এ আর রাহমানের কনসার্ট দেখার পালা।