শুরুর পরই থেমে গেল ‘সিকিম’ ছবির প্রদর্শনী
এবারের কলকাতার চলচ্চিত্র উৎসবের অন্যতম আকর্ষণ ছিল প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ৪০ বছর আগে তৈরি সিকিম ছবির প্রদর্শনী। দীর্ঘদিন পর ভারত সরকার ছবিটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তাই এবার উৎসবে এই ছবিটি দেখানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। কথা ছিল, আট দিনের এই উৎসবে প্রতিদিন ছবিটির একটি করে প্রদর্শনী হবে। বৃহস্পতিবার বেলা দুইটায় নন্দন প্রেক্ষাগৃহে ছবিটির প্রথম প্রদর্শনী হয়। কিন্তু আদালতের এক নির্দেশে পরে সিকিম ছবির বাকি প্রদর্শনীগুলো বাতিল করা হয়। ছবিটির স্বত্বাধিকারী হিসেবে দাবিদার সিকিমের ‘দ্য আর্ট অ্যান্ড কালচার ট্রাস্ট অব সিকিম’ বৃহস্পতিবার রাজধানী গ্যাংটকের জেলা আদালতে একটি মামলা করে। তাদের অভিযোগ, এই প্রতিষ্ঠানের কোনো অনুমতি ছাড়াই দেখানো হচ্ছে ছবিটি। এরপর আদালত ওই ছবির প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা জারি করেন। আদালতের এই আদেশ বিকেলেই পৌঁছে যায় কলকাতায়। সন্ধ্যায় চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলন করে তা জানিয়ে দেয়।গত বুধবার থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।