
অ্যাকশন দৃশ্য যতই বিপজ্জনক হোক, টম ক্রুজ নিজে তাতে অভিনয় করেন। অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করেন না। হলিউডে এই কথা বেশ আগে থেকেই চালু। দ্য মমি ছবিতে বিমান দুর্ঘটনার সাংঘাতিক দৃশ্য আছে। আর শূন্য অভিকর্ষের মধ্যে তার শুটিংয়ে অংশ নিয়েছেন টম ক্রুজ ও সহশিল্পীরা, এ জন্য তাঁদের শট দিতে হয়েছে ৬০ বার!
দ্য মমিরপরিচালক অ্যালেক্স কার্টজম্যান ছবিটাকে সত্যিকারের ভয় জাগানিয়া রূপ দিতে চেয়েছিলেন। তবে সে জন্য কি নায়ককে মেরেই ফেলতে হয়? এ বিষয়ে বললেন, আমিই টম ক্রুজের সবচেয়ে বড় অনুরাগী। তাই আমি জানি তাঁর ছবির দর্শকেরা কী চান। অনিশ্চয়তাময় ও উত্তেজনাকর অভিনয়ের মধ্যেই যেন তাঁকে সবচেয়ে বেশি মানায়। আমি মনে করি, ছবিটাকে ভীতিকর রূপ দিতে চাইলে প্রধান চরিত্রটিকে এমন সংকটময় অবস্থায় দেখাতে হবে, যেখান থেকে তার বেরোনোর আসলে কোনো উপায়ই থাকে না।
সেই আকাশ দুর্ঘটনার দৃশ্যটা ছিল এ রকম: প্রায় রকেটের গতিতে একটা উড়োজাহাজ ২৫ হাজার ফুট উঠে যাওয়ার পর আচমকা ইঞ্জিন থেমে গিয়ে পতনের শুরু। কিছুটা সময় ধরে বিমানটির আরোহীরা নিজেদের পুরোপুরি ওজনহীন অনুভব করলেন। দ্রুতগতিতে নিচে পড়ে যাওয়ার সময় ভারসাম্য রক্ষায় সব রকমের চেষ্টা চালাতে থাকেন।
কার্টজম্যানের ভাষ্য, শূন্য অভিকর্ষের মতো পরিবেশে চলচ্চিত্রের শুটিংয়ের বিশেষ দিকটা হলো, ভূপৃষ্ঠের দিকে মুক্তভাবে পতনের সময় আপনি বুঝতেই পারবেন না কী হতে চলেছে। ব্যাপারটা দর্শকদেরও সেই মুহূর্তের মাঝখানে টেনে নিয়ে যেতে পারে। তাঁরা যাতে নিরবচ্ছিন্ন ভয়টা অনুভব করেন, সে জন্য দৃশ্যটার একটানা শট নিতে হয়—কোনো কাটছাঁট ছাড়াই। সে জন্যই দুদিন ধরে টানা ৬০ বার শটটা নিতে হয়েছে।
দ্য মমি নামের চলচ্চিত্র হলিউডে আগেও নির্মাণ হয়েছে। কার্টজম্যান ১৯২ সালে কার্ল ফ্রেউন্ডের তৈরি একই নামের একটি ক্ল্যাসিক ছবির পরিচালকের প্রতি শ্রদ্ধা জানান। এবারের ছবিটি পুরোপুরিই হরর-অ্যাকশনধর্মী। এটির কাহিনি মরুভূমির গভীরে সমাধিস্থ এক প্রাচীন সম্রাজ্ঞীর নিয়তি নিয়ে, যা নাকি তাঁর কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল। সেই নিয়তি বর্তমান সময়ে আবার জেগে উঠেছে। ফলে তাঁর এত যুগের প্রতিহিংসা ও ত্রাসও ফিরে এসেছে। আর সেগুলো মানুষের জন্য বড় হুমকি তো বটেই।
ইউনিভার্সেল পিকচার্সের এই চলচ্চিত্র আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বে মুক্তি পাচ্ছে। বাংলাদেশের দর্শকেরাও রাজধানীর স্টার সিনেপ্লেক্সে কাল থেকে ছবিটি দেখার সুযোগ পাবেন। টম ক্রুজের ভক্তদের জন্য নিঃসন্দেহে এটা বড় খবর। ছবিটিতে আরও অভিনয় করেছেন রাসেল ক্রো, সোফিয়া বুতেলা, জ্যাক জনসন, মারওয়ান কেনজারি, অ্যানাবেল ওয়ালিস প্রমুখ।
আশিস আচার্য
এবিসি নিউজ ও মুভি ইনসাইডার অবলম্বনে