শূন্য বাগানে আমার বসবাস
জীবনটা অন্য রকম হয়ে গেল। সবকিছু ঠিকঠাক গোছানো আছে, শুধু সে আর নেই। ৩১ জুলাই আমাদের ছেড়ে সে চলে গেল। সে আর কোনো দিন ফিরে আসবে না। হয়তো অনেকেই তাকে ভুলে গিয়েছিল। প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নায়ক আমিনুল হক। মুখ ও মুখোশ চলচ্চিত্রটি তৈরি হয়েছিল ১৯৫৫ সালে। সে ছবিতে আমিও অভিনয় করেছিলাম। তবে এর আগে সেই বছরই চিত্র পরিচালক আবদুল জব্বার কার্জন হলে তাকে একটি নাটকে অভিনয় করতে দেখে চলচ্চিত্রে অভিনয় করার অফার দিয়েছিলেন।আমার সঙ্গে আমিনুল হকের পরিচয় হয়েছিল ১৯৫৪ সালে, রেডিওতে নাটক করতে গিয়ে। ওই নাটকের পরিচালক ছিলেন তিনি। চানখাঁর পুলের বেতার স্টুডিওতে নাটকটি ধারণ করা হয়েছিল। এরপর আমিনুল হকের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। চানখাঁর পুলের বেতার কেন্দ্র পরিবর্তিত হয়ে চলে এল শাহবাগে, তখনো অভিনয় করেছি। আমিনুল হক খুবই শক্তিমান অভিনেতা ছিলেন। মুখ ও মুখোশ ছবিটির পর পারিবারিক কারণে আর কোনো চলচ্চিত্রে আমি অভিনয় করিনি। পরবর্তী সময়ে টেলিভিশনের নাটকে আমিনুল হকের সঙ্গে অভিনয় করেছি। আমিনুল হক অভিনয় করেছে আরও অনেক দিন।আমার দেখা আমিনুল হক সম্পর্কে একটু বলি। সে ছিল অভিনয়-অন্তঃপ্রাণ। এ রকম হাস্যোজ্জ্বল মানুষ আমি আমার জীবনে কমই দেখেছি। কারও কোনো সমস্যা হলে আন্তরিকভাবে সে সমস্যা সমাধানের জন্য এগিয়ে যেত। পরিবারের প্রতি তার দায়িত্ববোধের কমতি দেখিনি কখনো।কোনো কাজই সে ফেলে রাখত না। পরিপাটি থাকতে পছন্দ করত। আমিনুল হকের কিছু দুঃখ ছিল। সে মঞ্চ ও চলচ্চিত্রের পথ প্রদর্শকদের অন্যতম ছিল, কিন্তু মঞ্চ বা চলচ্চিত্র জগতের মানুষেরা তাকে সেভাবে সম্মান করেনি। সেই সম্মান তার প্রাপ্য ছিল বলে আমি মনে করি। বাংলাদেশ সরকার অবশ্য ১৯৯১ সালে তাকে একুশে পদক দিয়ে সম্মানিত করেছিল। তার মৃত্যুর পর আমার বুকটা খালি হয়ে গেছে। খুবই খারাপ কাটছে সময়। মনে হচ্ছে জীবনের সব উচ্ছলতা হারিয়ে গেল। আমাদের সংসারে এমনভাবে মিশে ছিল সে, কোনো দিন আমাদের কোনো সমস্যার সামনে পড়তে হয়নি। তার মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত সবকিছু সে গুছিয়ে রেখে গেছে। আমিনুল হক রেখে গেছে তার একমাত্র ছেলে রাবিউল আমিনকে। সে স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখে জীবন যাপন করছে। আমিনুল হক চলে যাওয়ার পর আমার মনে হচ্ছে, সে যেন তার সাজানো বাগানের পাহারাদার করে গেছে আমাকে। তার শূন্য বাগানে এখন আমার বসবাস। যত দিন বাঁচব, আমি আমিনুল হকের এই সাজানো বাগানকে আঁকড়ে রাখব। দেখে রাখব।পিয়ারী বেগম: সদ্যপ্রয়াত আমিনুল হকের স্ত্রী