শূন্যস্থানে কাকে রেখে গেলেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাষী নজরুল ইসলাম
চাষী নজরুল ইসলাম

না ফেরার দেশে চলে গেছেন মানুষটি। এফডিসি বা শুটিং স্পটে আর কোনো দিন তাঁকে উচ্চকণ্ঠে বলতে শোনা যাবে না, ‘ক্যামেরা...অ্যাকশন...।’ এই মানুষটি হলেন চাষী নজরুল ইসলাম।
একটু পেছনে ফিরে তাকাই। ১৯৯৫ সালে এফডিসির ১ নম্বর ফ্লোরের সামনে লম্বা দেহের অধিকারী এই মানুষটি আমার কাঁধে হাত রেখে বললেন, ‘কয়েকখানা ছবি বানাব রে সামনে। একদিন তো আমি থাকব না। থাকবে আমার এই স্মৃতিগুলা।’
১৯ বছর আগে একটি মানুষ নিজে থেকেই হারিয়ে যাওয়ার কথা বলেছিলেন। আর আজ তিনি সত্যিই নেই। কিন্তু যাওয়ার আগে তিনি রেখে গেছেন এমন কিছু কাজ, যা তাঁকে বাঁচিয়ে রাখবে আমাদের চলচ্চিত্রের ইতিহাসে।
ওরা ১১ জন, সংগ্রাম, দেবদাস, শুভদা, চন্দ্রকথা, হাঙর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ, শাস্তির মতো ছবি নির্মাণ করেছিলেন তিনি।
এবারে তাঁর কাজের কথা বলি।
একবার কুমিল্লায় তিনি মেঘের পরে মেঘ সিনেমার শুটিং ইউনিট নিয়ে রওনা হলেন। যাওয়ার আগের দিন তাঁর ফোন পেলাম। ‘বাবু তুই কিন্তু চলে আসিস।’
আমাকে ছোট ভাই মনে করতেন তিনি। আমাকে ‘তুই’ বলেই সম্বোধন করতেন।
কুমিল্লায় শুটিংয়ে গেলাম। তখন প্রচণ্ড শীত। শুটিং কোথায় হচ্ছে? এমন প্রশ্ন করতেই দূর গ্রামের মানুষরাই দেখিয়ে দিতে লাগলেন। গাড়ি ছেড়ে একসময় রিকশা। তারপর হেঁটে কিছুটা পথ। একটা অনেক বড় পুকুর। সেই পুকুরের পাশে গিয়েই থমকে দাঁড়ালাম। অনেক মানুষ। সবাই যেন রোবট হয়ে গেছে। ক্যামেরা চলার শব্দ। আর কান্না। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কাঁদছেন রিয়াজ। আর ক্যামেরার পেছনে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন একজন। একটু এগিয়ে গিয়ে দেখি হদুল রঙের একটি পকেট রুমাল দিয়ে দুচোখ ঢেকে কাঁদছেন চাষী ভাই। ঘটনার কোনো কিছুই বুঝতে পারলাম না। ক্যামেরা থেমে গেল। রিয়াজের কান্না থেমে গেছে। কিন্তু চাষী ভাইয়ের কান্না আর থামল না। রিয়াজ চাষীকে জড়িয়ে ধরলেন।
পরে জানলাম, মুক্তিযুদ্ধের একটি আবেগময় দৃশ্যে রিয়াজকে অভিনয় করতে বলেছিলেন চাষী নজরুল ইসলাম। রিয়াজ যখন সেই দৃশ্যটিতে কাজ করছিলেন, তখন ছবি নির্মাণের এই কারিগর আর নিজের আবেগকে ধরে রাখতে পারেননি। এই হলেন চাষী নজরুল ইসলাম।
বিকেলে খাওয়া দাওয়ার পরে প্রশ্ন করেছিলাম, চলচ্চিত্র নিয়ে এত ভালোবাসার উৎস কী?
‘ভালোবাসি সকালে-ভালোবাসি বিকেলে-ভালোবাসি রাত্রির গভীরে।’ এভাবেই বললেন তিনি। এটি তার মেঘের পরে মেঘ সিনেমারই একটি গানের কলি।
শাস্তি ছবির শুটিং হবে গাজীপুরে। আবারও যথারীতি ফোন। ইলিয়াস কাঞ্চন-চম্পা, রিয়াজ-পূর্ণিমা সিনেমার শিল্পী। শুটিং স্পটে গিয়ে দেখলাম, চাষী ভাই কারও সঙ্গে খুব বেশি কথা বলছেন না। সহকারী পরিচালক আর ক্যামেরাম্যানকে কিছু নির্দেশনা দিয়ে বার বার স্ক্রিপ্টে চোখ বুলাচ্ছেন। সামনে গেলাম। চোখ তুলে তাকালেন। কিন্তু কিছুই বললেন না। আবার স্ক্রিপ্টের মধ্যেই ডুবে গেলেন।
একজন সহকারী বললেন, আপনি বসেন। চাষী ভাই এখন কথা বলবেন না। একটু অবাকই হলাম। কিন্তু পরে যখন শুটিং শুরু হলো, তখন বুঝলাম কেন চাষী ভাই এতটা নীরব ছিলেন।
শুটিং শুরু হলো। ইলিয়াস কাঞ্চন ও রিয়াজ গেছেন কৃষিকাজে। দুই ‘জা’ চম্পা ও পূর্ণিমার মধ্যে সামান্য বিষয় নিয়ে ভীষণ কথা-কাটাকাটি। প্রচণ্ড ঝগড়া। চম্পা ঘরের উঠোনে বসে কাঁদছেন। কাঞ্চন এসে বলছেন, ‘খাবার দে।’
চম্পার অভিমানী উত্তর, ‘খাবার নাই।’ তেতে ওঠে কাঞ্চনের মেজাজ। ছোট্ট ঘটনার অনেক বড় প্রতিক্রিয়া। কাঞ্চন মেজাজ ঠিক রাখতে পারলেন না। চম্পাকে আঘাত করলেন। চম্পা মাটিতে লুটিয়ে পড়লেন। খুন করা হলো তাঁকে। তারপর...।
পুরো দৃশ্যটির কাজ শেষ হওয়ার পরে চাষী নজরুল ইসলামের সে যে কী গগন কাঁপিয়ে চিত্কার। এটা ছিল আসলে আনন্দের চিত্কার। বললেন ‘আমার শুটিং করা ওয়ান অব দ্য বেস্ট সিকোয়েন্স।’
রবি ঠাকুরের দুই পৃষ্ঠার গল্পকে তিনি এভাবেই চলচ্চিত্রে রূপ দিলেন। অসাধারণ এক সৃষ্টি ছিল তাঁর নির্মিত শাস্তি।
সিনেমা নির্মাণের এই কারিগর একই সঙ্গে ছিলেন ভালো সংগঠক। গত দুই দশকে বাংলা চলচ্চিত্র অনেক সংকটের মধ্যে পড়ে। আমি বিস্মিত হয়েছিলাম, যখন বাংলা সিনেমা অশ্লীলতায় ছেয়ে যায়, তখন তিনি সেন্সর বোর্ডের সদস্য হওয়ার পরেও অশ্লীলতার জন্য সেন্সর বোর্ডকে সরাসরি দায়ী করে সরকারের কর্মকর্তাদের ভর্ৎসনা করেছিলেন।
চলচ্চিত্রকে দূষণমুক্ত করতে সেদিন যারা সব ধরনের প্রতিবন্ধকতার মধ্যে আন্দোলন গড়ে তুলেছিলেন, চাষী ছিলেন সবার আগে। এমন স্পষ্টভাষী আর সাহসী মানুষ যে হারিয়ে গেলেন, তাঁর জায়গায় তিনি কাকে রেখে গেলেন? এমন প্রশ্নই আজ বার বার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে।