শেকড়ের টানে আকরাম খানের 'দেশ'

আকরাম খান বসে আছেন শান্তভঙ্গিতে। মুখে স্মিত হাসি। দেখে বোঝার উপায় নেই রাজধানী ঢাকায় প্রচণ্ড ব্যস্ততার মধ্যে সময় কাটছে তাঁর। খানিক আগে শেষ হয়েছে তাঁকে নিয়ে ‘বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে শিল্পের গুরুত্ব’ শীর্ষক আলোচনা। ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে এই বিশ্বখ্যাত নৃত্যশিল্পীকে ঘিরে তখনও উৎসুক মানুষের ভিড় কমেনি। এর মধ্যেই আকরাম খানকে প্রশ্ন:
কেমন লাগছে বাংলাদেশ?
‘এবারের সফরটা এমনিতেই আলাদা। কারণ আমি ছুটি কাটাতে আসিনি। খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে। “দেশ” নিয়ে আমরা খুব বড়সড় একটা দল কাজ করছি। কোনো একটা পারফরম্যান্স একা কাউকে দিয়ে সফল হয় না।’
ঢাকায় আপনার ‘দেশ’ নিয়ে খুব মাতামাতি হচ্ছে। জানেন তো?
‘ও তাই নাকি? আমি চেষ্টা করি অন্তত পরিবেশনার কাছাকাছি সময়গুলোতে পত্রপত্রিকার দিকে বেশি মনোযোগ না দিতে। এটা মনের ওপর চাপ তৈরি করে অনেক সময়।’
বিশ্বঘুরে আকরাম খানের ‘দেশ’ ফিরেছে তাঁর শেকড় বাংলাদেশে। সেই ফেরাটাকে আকরাম খানের মতো বিশ্বখ্যাত নৃত্যশিল্পী স্মরণীয় করে রাখতে চাইবেন, এটাই তো স্বাভাবিক। সে চেষ্টায় কোনো ত্রুটি রাখতে চাইছেন না আকরাম। আর চাপটাও খুব সম্ভবত সে কারণেই।
ঢাকায় পা রেখে পয়লা দিনেই আকরাম শিল্পকলা একাডেমীতে শুরু করেছেন কঠিন অনুশীলন। দুপুর বেলায় শুরু করে মহড়া চলেছে রাত অবধি। চূড়ান্ত মহড়ার রূপ দেখার আজ সেই দিন।
ঢাকার শিল্পকলা একাডেমীতে আগামীকাল (১৯ সেপ্টেম্বর) প্রথমবারের মতো বাংলাদেশ মাতাবে আকরাম খানের ‘দেশ’।
আকরাম নিজের কথায় ‘বাংলাদেশি জীবনধারার মিলনাত্মক ও বিয়োগান্ত’ দুটি দিক নিয়ে ৮০ মিনিটের এই পরিবেশনা।
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের বিশ্বখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আকরাম খান এখন দেশে । সব ঠিকঠাক থাকলে ১৮ ও ১৯ সেপ্টেম্বর ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় থিয়েটার হলে থাকছে তাঁর পরিবেশনা। ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে হবে আকরামের ‘দেশ’ শিরোনামের এই পরিবেশনা।
আকরাম খান কোম্পানির ট্যুর ম্যানেজার মাশিতাহ ওমর লন্ডন থেকে ই-মেইলে নিশ্চিত করেছেন আকরাম খানের ঢাকায় আসার খবর।
৮০ মিনিটের এই পরিবেশনা সম্পর্কে আকরাম খানের মন্তব্য ‘বাংলাদেশি জীবনধারার মিলনাত্মক ও বিয়োগান্ত দুটো দিকই আমাকে খুব টানে। দেশ-এর মাধ্যমে আমি সে রকম একটা গল্পই তুলে ধরতে চেয়েছি।’
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের হেড অব আর্টস ঈশিতা আজাদ বলছিলেন, ‘আকরাম খানের জন্ম বিদেশে হলেও তাঁর শেকড় এই দেশেই। বাংলাদেশের কথা মাথায় রেখেই আকরাম এই পরিবেশনার নাম দিয়েছেন দেশ। তাঁর মতো বড় মাপের একজন শিল্পীর পরিবেশনার জন্য বিশাল প্রস্তুতি দরকার। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। চেষ্টা থাকবে সর্বস্তরের মানুষের কাছে পরিবেশনা পৌঁছে দেওয়ার।’
আকরাম খানের পরিবেশনার পাশাপাশি চলবে উন্মুক্ত অভিনয় কমর্শালা ও আলোচনা অনুষ্ঠান।
আকরাম খানের একক পরিবেশনা দেশ-এর উদ্বোধনী প্রদর্শনী হয় ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর লন্ডনে। নন্দিত এই নৃত্যশিল্পী জিতেছেন লরেন্স অলিভিয়ার অ্যাওয়ার্ড ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব পারফর্মিং আটর্স সম্মানাসহ বেশ কিছু পুরস্কার। তিনি কাজ করেছেন অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশ ও কাইলি মিনোগের মতো সামনের সারির সংগীত তারকাদের সঙ্গে।