শেকস্পিয়ারের চরিত্রদের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেক্‌সপিয়ার কার্নিভ্যালে দর্শকদের সামনে পরিবেশিত হচ্ছে মুখরা রমণী বশীকরণ নাটকের একটি অংশ
শেক্‌সপিয়ার কার্নিভ্যালে দর্শকদের সামনে পরিবেশিত হচ্ছে মুখরা রমণী বশীকরণ নাটকের একটি অংশ

জুলিয়েটকে চেনা আছে তো? ওই যে রোমিওর সঙ্গে যার প্রেম ছিল। ওরা এসেছিল শুক্রবার বিকেলে। এসেছিল ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, হ্যামলেট, ওফেলিয়া, হোরেশিও—সবাই। নিজের নাটকের মাধ্যমে ওদের যিনি পৃথিবীর আলোয় এনেছেন, ছড়িয়ে দিয়েছেন, তাঁর ৪০০তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ এপ্রিল। ঠিক তার আগের দিন তাঁকে স্মরণ করতে চরিত্রগুলোর বেশে নাটকের লোকেরা একত্র হয়েছিলেন শিল্পকলা একাডেমিতে।
গতকাল শুক্রবার বিকেলে নাটকপ্রিয় মানুষকে ধন্দে ফেলে দিয়েছিলেন ওঁরা। উইলিয়াম শেক্‌সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাট্যশালাজুড়ে ছিল কার্নিভ্যাল। নাট্যশালার লবি, সিঁড়ি, প্রবেশমুখসহ প্রায় সাতটি স্থানে এই চরিত্রগুলোর সঙ্গে দেখা হয় দর্শকদের। মঞ্চস্থ হয় শেক্‌সপিয়ারের মুখরা রমণী বশীকরণ, দ্য টেম্পেস্ট, টুয়েলভ্থ নাইট, হ্যামলেট, ম্যাকবেথ, মিড সামার নাইটস ড্রিমসহ মোট ১১টি নাটকের খণ্ডাংশ। কোনোটি ১০, কোনোটি ১৫ মিনিট করে ভিন্ন ভিন্ন নাটকের দল এগুলো পরিবেশনা করে।
 উইলিয়াম শেক্‌সপিয়ারের ৪৫২তম জন্ম ও ৪০০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করেছিল শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানের শুরু থেকে বেশ কবার জায়গা বদল করে কয়েকটি পরিবেশনা দেখেন প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে তাঁকে বসে থাকতে দেখা যায় নাট্যশালার মূল মিলনায়তনের ভেতরে। সবগুলো প্রদর্শনী শেষ হলে বছরব্যাপী ব্রিটিশ নাট্যকারকে নিয়ে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।

অনুষ্ঠানে আরও ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, আলী যাকের, নাসির উদ্দীন ইউসুফ, প্রাবন্ধিক মফিদুল হক, ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর বারবারা উইকিহ্যাম, সারা আরা মাহমুদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

এ আয়োজনেই ‘বাংলাদেশে শেক্‌সপিয়ার’ শীর্ষক বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ফকরুল আলম। এ ছাড়া ছিল শেক্‌সপিয়ারের সনেট পাঠ। এ ছাড়া নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করে নাটক ত্রয়লাস ও ক্রেসিডা।