বাংলাদেশ শিল্পকলা একাডেমীজুড়ে সাজ সাজ রব। প্রবেশপথের দুই পাশে ডিসপ্লেতে নাট্যকার সেলিম আল দীনের ছবি। ওপরে লেখা ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ।’ ভেতরে ঢুকতেই নানা মানুষের আনাগোনা। সেলিম আল দীন ফাউন্ডেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে সেলিম আল দীন উৎসবে নাটক প্রদর্শনীর পাশাপাশি এবার যোগ হয়েছে ‘উয়ারী-বটেশ্বর : শেকড়ের সন্ধানে আমাদের যাত্রা’ শিরোনামে প্রাচীন প্রত্নবস্তু প্রদর্শনী। এখানে সবাই এসেছেন নাটক দেখতে—কেউ দেখবেন জ্যোতিসংহিতা, কেউ ধাবমান, আবার কারও পছন্দ রক্তকরবী কিংবা অন্য কোনো নাটক। তবে একটি বিষয়ে সবার পছন্দ যেন এক জায়গায় মিলে গেছে; তাই নাটকের সঙ্গে উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক প্রদর্শনী দেখার এই চমৎকার সুযোগ হেলায় হারাতে চাননি কেউই। জাতীয় নাট্যশালা মিলনায়তনের সামনে কাচঘেরা ছোট ছোট বাক্সের মধ্যে থরে-বিথরে সাজানো রয়েছে পদ্মপাপড়ি, পাটা, বর্শাফলক, ধাতব জলতরঙ্গসহ বিভিন্ন প্রত্ন নিদর্শন। একই সঙ্গে প্রজেক্টরে উয়ারী-বটেশ্বরের ভিডিওচিত্রও দেখা যাচ্ছে। ফলে নিজেদের ইতিহাস-ঐতিহ্যকে স্বচক্ষে দেখে নেওয়া, এ যেন এই উৎসবের বাড়তি পাওনা।২৫ আগস্ট বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে সাত দিনের এ উৎসব। চলবে আগামীকাল ৩১ আগস্ট পর্যন্ত। আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাট্য সংস্থার সভাপতি রামেন্দু মজুমদার, সুফি মোস্তাফিজুর রহমান ও সারা আরা মাহমুদ।উদ্বোধনী পর্বে মঞ্চে তখন ভাসছে ‘এই না নিলাম খোয়াজখিজির, নিলাম তোমার নাম...।’ সেলিম আল দীনের লেখা গানটি গাইছেন শিমূল ইউসুফ। এরপর টুকরো টুকরো কথা শেষে শুরু হলো নাটক। উৎসবে প্রতিদিন বিভিন্ন দলের একাধিক নাটক প্রদর্শিত হচ্ছে। একই সঙ্গে প্রত্নবস্তু প্রদর্শন, সেমিনার, গুণীজন সম্মাননা ও নাটক শেষে ভাঙা হাটের মেলায় নাচগানের আসর—সব মিলিয়ে আয়োজনটি যেন একই অঙ্গে অনেক রূপের সমাহার।উৎসবের দ্বিতীয় দিনে নাটক প্রদর্শনীর আগে অন্যান্য দর্শনার্থীর মতো উয়ারী-বটেশ্বরের নিদর্শনগুলো দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী সেঁজুতি নওরোজ। এসেছেন প্রাচ্যনাটের প্রযোজনা রাজা এবং অন্যান্য দেখতে। কথা প্রসঙ্গে বলেন, ‘নাটক দেখতে এসে নিজেদের ঐতিহ্যকেও দেখতে পেলাম। ব্যাপারটা অনেকটা রথ দেখা এবং কলা বেচার মতোই!’আবার সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হকের সঙ্গে যখন কথা হলো, নাটক শুরু হতে তখন মাত্র কয়েক মিনিট বাকি। তাঁর মনযোগ প্রাচীন স্থাপত্যে ব্যবহূত ইটের দিকে। সেদিকে দৃষ্টি রেখেই বললেন, ‘ব্যাপারটি অভিনব—একই সঙ্গে নাটক ও ইতিহাস-ঐতিহ্যের সুচারু সম্মিলন। অনেকেই উয়ারী-বটেশ্বরে যেতে পারেন না। তবে এবার শিল্পকলার এই মিলনায়তনে উঠে এসেছে উয়ারী-বটেশ্বর। এর মধ্য দিয়ে নিজেদের শেকড়কে যেমন জানতে পারছি আমরা, তেমনি নাটক দেখতে দেখতেও ফিরে যাচ্ছি ইতিহাসের কাছে। সেলিম আল দীন শেকড়-সন্ধানী নাট্যকার। তাঁকে ঘিরে এই আয়োজনে প্রাচীন প্রত্নবস্তু প্রদর্শনের ফলে উৎসবটি নতুন মাত্রা পেয়েছে।’চলমান এই উৎসবে বাংলাদেশ ও ভারতের ১৩টি নাট্যদল অংশ নিচ্ছে। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে জাতীয় নাট্যশালা, পরীক্ষণ হল ও স্টুডিও থিয়েটারে প্রদর্শিত হচ্ছে নাটকগুলো। এ ছাড়া ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ‘উয়ারী-বটেশ্বর: শেকড়ের সন্ধানে’ শীর্ষক সেমিনার। এখানে প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ও মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। নাট্যোৎসবে প্রত্নতাত্ত্বিক প্রদর্শনী প্রসঙ্গে সুফি মোস্তাফিজুর রহমান বলেন, ‘তিন বছর ধরেই নাসির উদ্দীন ইউসুফ আমাকে এ প্রদর্শনীর জন্য তাগাদা দিচ্ছিলেন। এবার অনেকটা ধমক দিয়েই নিয়ে এসেছেন। আমি মনে করি, মানুষকে তার শেকড়ের কাছে ফিরতেই হবে। মোটকথা, সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের মধ্যে এ রকম বিনিময়ের ফলে আমাদের সংস্কৃতিই সমৃদ্ধ হবে।’প্রায় একই রকম কথা নাট্যজন কেরামত মওলার। হাতে নাটকের টিকিট। জাতীয় নাট্যশালা মিলনায়তনে ঢুকতে ঢুকতেই বললেন তিনি, ‘প্রতিটি মানুষেরই নিজেদের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানা দরকার। এই উৎসব আমাদের নানা মাধ্যমকে একই মোহনায় মিলিয়ে দিয়েছে।’‘সেলিম আল দীনের বিশ্বাস ছিল হাজার বছরের ঐতিহ্য ও নিদর্শন আমাদের সামনে তুলে ধরবে হাজার বছরের সংস্কৃতি। আমরা পূর্বপুরুষের সেই ঐতিহ্যের পথে হাঁটতে চাই নতুন করে’—উৎসব সম্পর্কে আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ যখন এ কথা বলছেন, তখন মাত্র শেষ হলো নাটক প্রদর্শনী। ওদিকে শিল্পকলার সামনের প্রাঙ্গণে ভাঙা হাটের মেলায় ততক্ষণে বসে গেছে নাচগানের আসর। নীলমণি সিনহা ও বিধান সিনহার মণিপুরি নাচের দমক-বিভঙ্গে এরই মধ্যে মুগ্ধ সবাই।