শেখ আফজালের ক্যানভাসে আবহমান বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর
প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

শীতের সকাল। কুয়াশাঢাকা চারদিক। ঠান্ডার কাপড় জড়িয়ে উৎসাহ নিয়ে তাকিয়ে আছে এক শিশু। বাবা অপেক্ষায় আছেন, খেজুরগাছে উঠবেন। গাছে ঝুলছে রসের হাঁড়ি। সব মিলিয়ে চমৎকার এ ক্যানভাসটির নাম ‘শীতের সকাল’। গ্যালারি অ্যাথেনার দেয়ালে ঝুলছে ছবিটি।

কলসি কাঁখে নদীর তীর ঘেঁষে হেঁটে চলেছে একদল নারী
কলসি কাঁখে নদীর তীর ঘেঁষে হেঁটে চলেছে একদল নারী

একটু এগিয়ে গিয়ে মিলল মন ভালো করে দেওয়া আরেকটি দৃশ্য। মা ও শিশুর চিরন্তন সম্পর্কের দৃশ্যকাব্য। মায়ের শাড়ির আঁচলে আশ্রয় খুঁজছে কোলের সন্তানটি। আর মায়ের ঠিক সামনেই এগিয়ে যাচ্ছে অন্য আরেকটি শিশু।
শিল্পী শেখ আফজালের ক্যানভাসে মূর্ত হয়েছে চিরন্তন বাংলা। বাংলার মানব–মানবী। রাজধানীর প্রগতি সরণির অ্যাথেনা গ্যালারিতে চলছে তাঁর একক চিত্রকর্ম প্রদর্শনী। শাশ্বত জীবনের বয়ান ও প্রকৃতির অনুভবে তাড়িত হয়ে

রাখাল বালক ও তৃষ্ণার্ত জোড়া মহিষ
রাখাল বালক ও তৃষ্ণার্ত জোড়া মহিষ

আঁকা ছবি দিয়ে সাজানো প্রদর্শনীর শিরোনাম ‘ইটারনাল অ্যাফেকশন’। শনিবার বৈশাখী বিকেলে প্রদর্শনী উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বরেণ্য চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর ও অধ্যাপক রফিকুন নবী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারম্যান নিলু রওশন মোরশেদ। উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলামসহ আরও অনেকেই। এটি শিল্পীর ২৬তম একক প্রদর্শনী।

ক্যানভাসে মূর্ত হয়েছেন বাংলার চিরকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান.
ক্যানভাসে মূর্ত হয়েছেন বাংলার চিরকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান.

বাংলার নৈসর্গে আচ্ছন্ন শেখ আফজালের ক্যানভাস। যেখানে বারবার এসেছে মানুষের সম্পর্কের প্রগাঢ় উপস্থিতি। শিল্পীর ক্যানভাসে মানুষ কখনো কর্মে চঞ্চল, কখনো বা প্রকৃতির নিবিড় ঘেরাটোপে বিমোহিত। ক্যানভাসে মূর্ত হয়েছেন বাংলার চিরকালের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ প্রসঙ্গে শিল্পী জানালেন, ১৯৬৯ সালে তিনি যখন চতুর্থ শ্রেণিতে পড়েন, তখন কুষ্টিয়ার হরিনারায়ণপুর দেখা হয়েছিল বঙ্গবন্ধুর সঙ্গে। সেদিন বঙ্গবন্ধুর ছবি

এ ক্যানভাসটির নাম ‘শীতের সকাল’
এ ক্যানভাসটির নাম ‘শীতের সকাল’

এঁকে তিনি বঙ্গবন্ধুকে মুগ্ধ করেছিলেন। বঙ্গবন্ধু তাঁকে পুরস্কার হিসেবে ২০টি টাকাও দিয়েছিলেন। বলেছিলেন, তুমি স্কুলের পড়া শেষ করে ঢাকায় আস, তোমাকে আর্ট কলেজে ভর্তি করে দেব। ‘আফসোস, আমি ঢাকায় আসি ১৯৭৬ সালে, এর এক বছর আগে শত্রুরা তাঁকে হত্যা করে।’ আবেগাপ্লুত হয়ে বললেন শিল্পী।

মা ও শিশুর চিরন্তন সম্পর্কের দৃশ্যকাব্য.
মা ও শিশুর চিরন্তন সম্পর্কের দৃশ্যকাব্য.

আরেকটি ছবি মুগ্ধ করে। যেখানে দিগন্ত ফসলের মাঠ। মাঠ শস্যের চারা বিছানো কচি পাতায় সবুজের সমারোহ। ধানখেতের ঠিক পাশেই দৃশ্যমান জলাভূমি। ভর দুপুরে জলের তৃষ্ণায় সেখানে মুখ ডুবিয়েছে এক জোড়া মহিষ। একটি মহিষের ওপর আবার বসে আছে এক রাখাল বালক।

শিল্পী শেখ আফজালের একটি চিত্রকর্ম।
শিল্পী শেখ আফজালের একটি চিত্রকর্ম।

বিশাল ক্যানভাসে আরেকটি ছবিতে কলসি কাঁখে নদীর তীর ঘেঁষে হেঁটে চলেছে একদল নারী। ছবিটি আকৃতির বেশ বড়, ১২ ফুট বাই ৬ ফুট। বাবা ও ছেলে মিলে জোড়া গরুর পেছনে মই বেঁধে মাটি নিংড়ে বীজ রোপণের উপযোগী করার দৃশ্যটি বলে যায় কৃষিজীবী জীবনের কথা। আছে মায়ের পাশে খেলায় মেতে থাকা শিশুদের ভালোবাসার চিরন্তন দৃশ্যকল্প।

শিল্পী শেখ আফজালের একটি চিত্রকর্ম.
শিল্পী শেখ আফজালের একটি চিত্রকর্ম.

সব মিলিয়ে ৪৫টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী। অ্যাক্রেলিক ও মিশ্র মাধ্যমে চিত্রিত চিত্রকর্মের সঙ্গে রয়েছে ড্রয়িং। আবহমান বাংলার যাপিত জীবনের সঙ্গে চলমান সময়ের নিরিখে আঁকা রূপক শিল্পকর্ম জায়গা করে নিয়েছে এই শিল্প আয়োজনে। ২২ দিনব্যাপী এ প্রদর্শনী শেষ হবে ৭ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।