শেরপুর সাহিত্য চক্রের ২৯তম বর্ষপূর্তি
বই প্রকাশনা, আলোচনা, সাহিত্য পুরস্কার প্রদান, কবিতা পাঠসহ নানা আয়োজনে গতকাল শনিবার পালিত হলো শেরপুর সাহিত্য চক্রের ২৯তম বর্ষপূর্তি। বগুড়ার শেরপুরে এই অনুষ্ঠানটি জেলার কবি-সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়েছিল। আড়াই শতাধিক কবি-সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক এতে অংশ নেন।
সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার শুরু। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ছিল বর্ষপূর্তির অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে-আরা বেগম।
অনুষ্ঠানে এস এম বেলাল হোসেন সম্পাদিত চক্রের সাহিত্য পত্রিকা শাশ্বত বাংলার মুখ -এর ২৯তম বর্ষপূর্তির বিশেষ সংখ্যা, শাহনাজ পারভীনের ছড়ার বই পাখির মুখের হাসি ও সুলতান মাহমুদ সম্পাদিত কবিতা সংকলন ভাস্বতীর মোড়ক উন্মোচন করা হয়। এরপর ছিল সাহিত্য পদক প্রদানের পালা। অতিথিরা আখতার উদ্দিন, রফিকুল ইসলাম, বাবুল হোসেন, ফরিদুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, খন্দকার খালেদ পারভেজ, মতিউর রহমান ও শাহনাজ পারভীনের হাতে সাহিত্য চক্রের পদক ও সনদ তুলে দেন।
শেরপুর সাহিত্য চক্রের আহ্বায়ক এস এম বেলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন মিনতি কুমার রায়, মুহাম্মদ শহীদুল্লাহ, নাছিম উদ্দিন মালিথা, বেলাল হোসেন, খৈয়াম কাদের, আখতার উদ্দিন, সুভাষ চন্দ্র সাহা, প্রদীপ ভট্টাচার্য্য, সুব্রত ঠাকুর, সাংবাদিক সাইফুল বারী ও শেরপুর পৌরসভার মেয়র স্বাধীন কুমার কুণ্ডু।
অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি রহমতুল বারী, নূর মোহাম্মদ মণ্ডল, লতিফ আদনান, হাসিনা মোর্শেদ, মতিউর রহমান, অমর কৃষ্ণ পাল, হোসনে আরা, রাজিবুজ্জামান প্রমুখ।