শেরপুরে রবীন্দ্র জন্মোৎসব
শেরপুর প্রতিনিধি জানান, ‘জন্মের সার্ধশততম বছর অতিক্রম করেও আমাদের চেতনায় রবীন্দ্রনাথ’ স্লোগান নিয়ে শেরপুরে রবীন্দ্র জন্মোৎসব অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদ, শেরপুর জেলা শাখা গত শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমীতে এই উৎসবের আয়োজন করে।এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজিয়া সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক জাকীর হোসেন, আ বা ম নূরল আনোয়ার, মঞ্জুরুল আলম, সোহরাব উদ্দিন, প্রমুখ। ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’ সমবেত সংগীতের মাধ্যমে প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে শিশুশিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন নীলোৎপল সাধ্য, হিমাদ্রী শেখর, মেসবাহুল আযম, ফাহিমা সামাদ ও স্থানীয় শিল্পীরা। একক নৃত্য পরিবেশন করেন শিল্পী শর্মিলী বন্দ্যোপাধ্যায়। কবিগুরুর দুটি কবিতা আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।