বিশিষ্ট শিক্ষাবিদ, নগরবিদ ও শিল্পসমালোচক অধ্যাপক নজরুল ইসলাম শেলেটক্ পদকে ভূষিত হলেন। গতকাল শনিবার শেলেটক্ লাউঞ্জে তাঁর হাতে এই পদক তুলে দেওয়া হয়।শেলেটকের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ অধ্যাপক নজরুল ইসলামের হাতে ক্রেস্ট তুলে দেন। শেলেটক্ পদকের অর্থমূল্য নগদ দুই লাখা টাকা ও একটি ক্রেস্ট।বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের গুণীজনদের সম্মান জানাতে নির্মাতাপ্রতিষ্ঠান শেলেটক্ ১৯৯৮ সাল থেকে এই পদক প্রবর্তন করে।বিজয়ে নারী সংগ্রামে নারী‘বিজয়ে নারী সংগ্রামে নারী’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল জাহানারা ইমাম স্কোয়াড। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু স্মারক ভাস্কর্যের সামনে এই অনুষ্ঠানে ছিল আলোচনা, গান, আবৃত্তি ও চলচ্চিত্র প্রদর্শনী। মুক্তিযুদ্ধের চেতনা-সঞ্চারী এই অনুষ্ঠান শুরু হয় শিশুদের সংগঠন কল্পরেখার ‘একাত্তরের ফুল’ নামের পরিবেশনা দিয়ে। এরপর আলোচনায় অংশ নেন কাবেরী গায়েন, জলি তালুকদার, নিরুপমা চাকমা, নামিমা হক প্রমুখ। পরে একক সংগীত পরিবেশন করেন কফিল আহমেদ, ইশরাত জাহান, নূপুর সুলতানা প্রমুখ। দলীয় সংগীতে ছিল মেঘদল, বিস্কুট, সহজিয়া, সমগীত, সূর্যসাথী, সপ্তসিন্ধু।ভাষা আন্দোলন থেকে ২০১৩মহান রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শাহবাগের চলমান গণ-আন্দোলন পর্যন্ত জাতির ইতিহাসের সংগ্রামী ঘটনাগুলো নিয়ে শিল্পী প্রশান্ত কর্মকারের শিল্পকর্ম প্রদর্শনী শুরু হলো গতকাল থেকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কের ৭ নম্বর বাড়ির শিল্পাঙ্গন গ্যালারিতে। প্রদর্শনীর উদ্বোধন করেন সাবেক রাষ্ট্রদূত মুহম্মদ জামির। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি হাবিবুল্লাহ সিরাজি।‘ভাষা আন্দোলন থেকে ২০১৩’ নামের এই প্রদর্শনীতে ছাপচিত্র এবং অ্যাক্রেলিকের কাজ রয়েছে ৩৩টি। প্রদর্শনী চলবে ২০ মার্চ পর্যন্ত।তিমির নন্দীর সংগীতসন্ধ্যা স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী তিমির নন্দীর একক সংগীতানুষ্ঠান ছিল গতকাল গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিককেন্দ্র মিলনায়তনে। অনুষ্ঠানে তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের গানসহ শ্রোতাদের অনুরোধে বেশ কয়েকটি গান গেয়ে শোনান। তাঁর গানগুলোর মধ্যে ছিল ‘শোন একটি মুজিবুরের কণ্ঠ থেকে’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’, ‘এত সুর আর এত গান’, ‘বাঁশি শুনে আর কাজ’, ‘চেনা চেনা লাগে’, ‘আমার স্বপ্নে দেখা রাজকন্যা’ এসব। পরে শিল্পীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইন্দিরা গান্ধী সাংস্কৃতিককেন্দ্রের পরিচালক অঙ্কন ব্যানার্জি।বাংলাদেশ-জাপান যৌথ প্রদর্শনীকাহাল আর্ট গ্রুপের আয়োজনে বাংলাদেশ ও জাপানের শিল্পীদের এক যৌথ চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায়। গত শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ‘ফ্রিডম অব থটস’ নামের এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাপান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রুমী আইয়সী ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। প্রদর্শনী চলবে ১৫ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা।