শেষ গন্তব্যে মেইজ রানার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেইজ রানার: দ্য ডেথ কিউর ছবির দৃশ্য
মেইজ রানার: দ্য ডেথ কিউর ছবির দৃশ্য

২০১৪ সালে পথচলা শুরু হয়েছিল। ২০১৮ সালের জানুয়ারিতে এসে অবশেষে শেষ হতে যাচ্ছে জেমস ড্যাশনারের লেখা থেকে তৈরি অ্যাকশন থ্রিলার সিরিজ ‘মেইজ রানার’। এ সিরিজের শেষ ছবির নাম মেইজ রানার: দ্য ডেথ কিউর। এর আগে দ্য মেইজ রানার ও মেইজ রানার: দ্য স্কর্চ ট্রায়ালস নামের দুটি চলচ্চিত্র তৈরি হয়, যেগুলোর গল্পের সঙ্গে ধারাবাহিকতা রেখেই এবার আসতে চলেছে চলচ্চিত্রটির তৃতীয় এবং শেষ পর্ব।
তরুণ থমাসকে নিয়ে শুরু হয়েছিল ‘মেইজ রানার’–এর কাহিনি। আগের কোনো স্মৃতি ছাড়াই নিজেকে আবিষ্কার করে সে সম্পূর্ণ অচেনা আর অদ্ভুত এক স্থানে। কেবল সে-ই নয়, তার সঙ্গে গ্লেড নামের ওই জায়গায় আরও বেশ কিছু মানুষকে দেখতে পায় থমাস। নিজেদের গ্লেডারস বলে পরিচয় দেয় তারা। তাদের গ্লেডের চারপাশে আছে গোলকধাঁধা। পাথুরে সেই গোলকধাঁধার পথ সকালে খুলে যায় আর সন্ধ্যায় বন্ধ হয়। এর মধ্যেই ছুটে বেড়ায় গ্লেডারসরা বেরোনোর পথ খুঁজে নিতে। পথ পাওয়া যায় না। প্রতি মাসে একজন করে নতুন মানুষ এসে উপস্থিত হতে থাকে সেখানে। বাড়তে থাকে মানুষের ভিড়। এমন এক গল্প বড়পর্দায় নিয়ে এসেছিল প্রযোজনা প্রতিষ্ঠান টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স। পরিচালনায় ছিলেন ওয়েস বল, আর চিত্রনাট্যে টি এস নাউলিন। কী হলো এরপর? নিজেদের মুক্তির পথ কি খুঁজে পেয়েছিল প্রতিনিয়ত বদলে যাওয়া গোলকধাঁধায় আটকে থাকা মানুষগুলো? এ প্রশ্নের জবাব জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে ‘মেইজ রানার’–এর প্রথম কিস্তিতে। এরপর গল্প আরও এগিয়েছে।
মুভির পরের কিস্তিতে ‘ওয়ার্ল্ড ক্যাটাসট্রোফি কিলজোন ডিপার্টমেন্ট’ বা ডব্লিউসিকেডি থেকে পালানোর পথে আরও কিছু বাধার সম্মুখীন হয় থমাস ও তার সঙ্গীরা। ‘মেইজ রানার’–এর প্রথম দুটো কিস্তিতেই থমাস চরিত্রে অভিনয় করেন ডিলান ও’ব্রায়ান। সঙ্গে ছিলেন কায়া স্কোডেলারিও, থমাস ব্রোডি-স্যাংস্টার, প্যাট্রিশিয়া ক্লার্কসনসহ আরও অনেকে। প্রতিটি কিস্তিতেই নতুন মুখ এসেছে, কেউ বিদায় নিয়েছে। তবে বক্স অফিসে ভালো করে দেখিয়েছে দুটোই। মাত্র ৩ কোটি ৪০ লাখ ডলারের বাজেটে বানানো প্রথম কিস্তি থেকেই ৩৪ কোটি ডলার আয় করে নেন নির্মাতারা। পরের কিস্তি দ্য স্কর্চ ট্রায়ালসেও অবস্থার পরিবর্তন হয়নি। ৬ কোটি ২০ লাখ ডলার খরচ করে প্রায় ৩১ কোটি ডলারের ব্যবসা করে ‘মেইজ রানা’–এর টিম। দর্শকপ্রিয়তাও পায় বেশ। ফলে এবারও যে আগের ঘটনার পুনরাবৃত্তি হবে, তা বলার জন্য খুব একটা হিসাব কষতে হবে না।
মেইজ রানার: দ্য ডেথ কিউর-এ মূল চরিত্রে এবারও আছেন ব্রায়ান। চলচ্চিত্রটির মুক্তির তারিখ প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল গত বছরের ১৭ ফেব্রুয়ারি। তবে পরবর্তী সময়ে এই তারিখ বদলে প্রায় এক বছর পিছিয়ে যায়। ২০১৮ সালের ২৬ জানুয়ারিতে, অর্থাৎ কাল এটি মুক্তি পাবে বিশ্বব্যাপী। ‘ফ্লেয়ার ভাইরাস’-এর কবল থেকে বেঁচে ‘লাস্ট সিটি’ পর্যন্ত পৌঁছানোই এখন মেইজ রানারদের লক্ষ্য। পথে তাদের অনেক সঙ্গী হারিয়ে গেছে, যোগ দিয়েছে নতুন কেউ। তবে ক্যাংক্সদের হাত থেকে লাস্ট সিটিকে বাঁচাতে তারা মরিয়া। পারবে তো ওরা? ১১ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার সিউলে মুক্তি পেয়েছে এই নতুন ছবি। এরই মধ্যে আয় করেছে ১ কোটি ৫০ লাখ ডলার। আয়ের মূল হিসাবটা জানতে এখনো অনেক সময় বাকি। আপাতত অপেক্ষা শুধু ২৬ জানুয়ারির। আপনিও অপেক্ষা করছেন তো?
l সাদিয়া ইসলাম