বছর চারের আগে একটি টেলিভিশন চ্যানেলে আবুল হায়াতের শেষ পত্র নাটকটি প্রচারিত হয়। নাটকটি আমি দেখিনি, কিন্তু রহমত আলীর পরিচালনায় ‘স্টেজ ওয়ান’ যখন সেটি মঞ্চে নিয়ে এল, তা দেখার সুযোগ আর ছাড়িনি। মঞ্চের বয়ানে নাটকটির নাম সূচনা এবং এই নতুন নামকরণের তাৎপর্যও বুঝতে অসুবিধা হয়নি দর্শকের; বরং একটি দার্শনিক প্রশ্নের সম্মুখীনও তাদের এই নামটি করে দেয়।আবুল হায়াত কৃতী অভিনেতা এবং পরিচালকও। নিজেকে তিনি নাট্যকার বলতে নারাজ; যদিও খুব ভালো কিছু টিভি নাটক তিনি লিখেছেন। রহমত আলীও গুণী অভিনেতা; মঞ্চনাটক পরিচালনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় শিক্ষকতা করেন। হায়াত-রহমতের এই যোগ খুব উপকারী প্রমাণিত হয়েছে। আবুল হায়াত দরদ দিয়ে লিখেছেন, রহমত দরদ দিয়ে পরিচালনা করেছেন। আর চার শিল্পী—মিতা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ ও নাজনীন হাসান চুমকী—দরদ দিয়ে অভিনয় করেছেন। ফলে ৮০ মিনিটের এই নাটক দেখতে গিয়ে কোথা দিয়ে সময় চলে গেল বুঝতে পারিনি। নাটকটির বড় গুণ এর চলমানতা। ইতিহাসকে একটি শুরুর বিন্দুতে এনে পুনরায় গতিশীল করা (সূচনা কথাটি এ জন্যই অর্থবহ) আবেগ অনুভূমিকে যুক্তির তৌলে ফেলে বিচার করা, মনের ভেতরে লুকিয়ে রাখা স্মৃতি-বিস্মৃতির ওপর সন্ধানী আলো ফেলা এবং এসবই এক সরল কিন্তু আকর্ষণীয় মঞ্চসজ্জার প্রেক্ষাপটে গান ও নাচের সাবলীল ব্যবহারে আকর্ষণীয় করে তোলা। মঞ্চের একদিকে গায়ক-বাদক দল চমৎকার সংগত করেছে, এই তিনজনও (একজন কণ্ঠশিল্পী, দুজন বাদক) নাটকটির কাঠামোর অন্তর্গত।সূচনা চার নারীকে নিয়ে লেখা, মুক্তিযুদ্ধ যাঁদের নানাভাবে স্পর্শ করেছে, বিক্ষত করেছে, আলো-অন্ধকারের সামনাসামনি করেছে। এই চারজনের একজন বীরাঙ্গনাও বটে, কিন্তু আবুল হায়াতের প্রশংসাযোগ্য পরিমিতিগুণের জন্য এই সত্যও সত্যের মহিমাতেই বিকশিত হয়েছে; রহমতও এই সত্যকে মেলোড্রামায় হারিয়ে যেতে দেননি।নাটকটির একটি চুম্বক এ রকম: মুক্তিযুদ্ধের আগে চার বন্ধু শেলী (মিতা), সবিতা (চিত্রলেখা), রাশেদা (জলি) ও তানিয়া (চুমকী) ছিল হরিহর আত্মা। যুদ্ধের বছরে ও তারপর নানা দিকে ছিটকে পড়ে তারা বিচ্ছিন্ন হয়। অনেক বছর পর জীবনের মাঝরাতে এসে শেলী, যার স্বামী ধনাঢ্য ব্যবসায়ী, তার বাগানবাড়িতে বাকি তিন বন্ধুকে ডেকে আনে। উদ্দেশ্য, একটা পুনর্মিলন। শুরুতে পুনর্মিলনটাই বড় হয়ে দেখা দেয়। একে অপরকে নিয়ে তারা ঠাট্টা করে। মেদ, অসুখ—এসব নিয়ে হাসি-তামাশা হয়। সবিতা নামী শিল্পী, সে গান গায়। সবাই নাচেও। রাশেদা লেখিকা, কিন্তু একসময় তারা নিজেদের গল্প বলে এবং বলতে বলতে সুখের লাগানো মুখোশটা খুলতে থাকে। দেখা যায়, ওই একাত্তরে, এর ঠিক আগে-পরে, রয়েছে তাদের অসুখের নানা গল্প। এই অসুখজীবনের নিয়তি, একে উপেক্ষা করা যায় না। শেলীর ধনাঢ্য স্বামীকে তখন চেনা যায় একাত্তরের একজন ঘাতক হিসেবে। শেলী জানায়, তাকে সে বন্দী করে রেখেছে বাগানবাড়িতে। এখন তিন বন্ধুর কাছে সে দাবি জানায় ওই ঘাতকের বিচার করে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে। তিন বন্ধু অবশ্য রাজি হয় না। কাজটা তাই শেলীকেই করতে হয় এবং এরপর সেও আত্মঘাতী হয়।গল্পটিতে অসম্ভবের কিছু উপাদান আছে সন্দেহ নেই, কিন্তু তা অবিশ্বাস্য নয়। একাত্তরে অনেক নারী এভাবেই নির্যাতনের শিকার হয়েছিলেন। এ কারণে এই চারজনের অসুখের গল্পেও সত্যতা আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, এসব গল্প ফুরিয়ে যায়নি, অতীত হয়ে যায়নি; নতুন করে বরং ফিরে ফিরে আসে, নতুন রূপে। সূচনা এ জন্যই সূচনা।চমৎকার অভিনয় করেছেন চারজন, যাঁরা বহু আগে থেকেই পরীক্ষিত। চিত্রলেখা গান গেয়েছেন উদার গলায়। রহমতের কাজটাও তাই সহজ হয়েছে।নাটকটি সুযোগ পেলেই দেখুন। ইতিহাস ও নিজেকে একটুখানি হলেও নতুন করে চেনার জন্য।