
প্রচলিত নিয়ম অনুযায়ী যাত্রাগানের মৌসুম শেষ হবে আর মাত্র তিন দিন পর। কিন্তু এবার মৌসুম শেষ হলেও গানবাজনা শেষ হচ্ছে না। ৩০ চৈত্র মৌসুমী যাত্রা শেষ হলে পয়লা বৈশাখ থেকে চালু হচ্ছে বৈশাখী যাত্রা। বৈশাখী যাত্রার বড় রকমের আসর বসছে এবার গোবিন্দগঞ্জের ফাঁসিতলায়। আয়োজক পক্ষ ও দলীয় সূত্রে জানা গেছে, ফাঁসিতলায় বৈশাখী মেলায় পাঁচটি যাত্রার আসর বসছে। প্রতি রাতে পাঁচটি যাত্রাদল পালা প্রযোজনায় নামবে। শেষ মুহূর্তের যাত্রা দলগুলোর অবস্থান হচ্ছে—নেত্রকোনা সদরে দি চ্যালেঞ্জার অপেরা, জেলার কলমাকান্দায় পদ্মা অপেরা, বগুড়ার বিচকবাজারে চৈতালী অপেরা, জেলার মুসলিমগঞ্জ আদি বঙ্গশ্রী অপেরা, খুলনার বয়ারসিংহ বাজারে প্রতিমা অপেরা, বাগেরহাটের কাটাখালী নিউ রাজমহল অপেরা, মোল্লারহাট আনন্দ অপেরা, জয়পুরহাট আদি ভোলানাথ অপেরা, সাভার বাইপাইল দোয়েল অপেরা, আশুলিয়ার বলিভদ্রতে আদি রাজমহল ও নিউ ফাল্গুনী অপেরা, নারায়ণগঞ্জ বন্দরে কোহিনুর অপেরা।
সূত্রমতে, এ দলগুলোই বৈশাখী যাত্রায়োজনে দেশের বিভিন্ন প্যান্ডেলে অংশ নেবে। প্রতিবারের মতো এবারও বাঙালি তার ভেতরে লালিত সংস্কার আর সংস্কৃতির মিশেলে পালন করবে এই উৎসব। পয়লা বৈশাখ বাংলা সংস্কৃতির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। বৈশাখী উৎসবে সারা দেশেই মহামিলনের ঢেউ জাগে। যাত্রায় এসে আছড়ে পড়ে সেই ঢেউ। দর্শক-কুশলী একাকার হয়ে যাওয়ার এ এক মিলনক্ষেত্র।