মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে দুই দিনব্যাপী পথনাটক উৎসব গত শনিবার রাতে শেষ হয়েছে। সমাপনী দিনে চারটি নাটক উপভোগ করে উপস্থিত কয়েক হাজার মানুষ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ঝিলিমিলি এবং মানুষ নাটকের পাশাপাশি ছিল অনুপ কুমার ঘোষের জাগো বাংলাদেশ ও ফয়েজুল হকেরপুতুলের স্বাধীনতা।
ঝিলিমিলি পরিবেশন করে ফরিদপুরের সঙ থিয়েটার। দর্শকেরা তন্ময় হয়ে নাটকটি উপভোগ করেন। এ নাটকের উপজীব্য হাবিব নামের এক দরিদ্র গানপাগল যুবকের সঙ্গে ধনীর দুলাল ফিরোজার প্রেমকাহিনি।
হাবিবকে ভালোবাসেন ধনাঢ্য মির্জার একমাত্র মেয়ে ফিরোজা। বিষয়টি জানতে পেরে মির্জা মেয়েকে ঘরে বন্দী করে রাখেন। সেই ঘরের পুব পাশের জানালা খুলতে মানা। তবে মেয়েকে শর্ত দেন, হাবিব বিএ পাস করতে পারলে ফিরোজা তাঁকে বিয়ে করতে পারবেন। একদিন ঠিকই বিএ পাস করে ফেরেন হাবিব। কিন্তু ফিরোজাকে আর পাননি। পুব পাশের জানালা সব সময় বন্ধ থাকায় ঘরের মধ্যে অসুস্থ হয়ে মারা যান তিনি। এ কথা শুনে হাবিব পাগল হয়ে যান।
শনিবার সন্ধ্যায় শুরুতে ছিল জাগো বাংলাদেশ। নাটকটি পরিবেশন করে দিব্য নাট্যকলা। এরপর মঙ্গলনাটের পরিবেশনায় ছিল পুতুলের স্বাধীনতা। তারপর স্বদেশ নাট্যাঙ্গন পরিবেশন করে কাব্যনাটক মানুষ। সবশেষে ঝিলিমিলি নাটক পরিবেশন করা হয়।
রাজবাড়ীর সাংস্কৃতিক সংগঠন মঙ্গলনাট এ পথনাটক উৎসবের আয়োজন করে। শনিবারের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ টি এম রফিক উদ্দিন। বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা, পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, মঙ্গলনাটের সাধারণ সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম।
ফকীর জাহিদুল ইসলাম বলেন, এ আয়োজনের প্রধান উদ্দেশ্য হলো সাংস্কৃতিক কর্মী তৈরি। আর জঙ্গিবাদ রুখতে সাংস্কৃতিক কর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ করা।
গত শুক্রবার এ পথনাটক উৎসব শুরু হয়। এদিন তিনটি নাটক পরিবেশিত হয়। উৎসব উপলক্ষে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বর থেকে আজাদি ময়দান পর্যন্ত বর্ণিল সাজে সাজানো হয়। অনুষ্ঠানস্থলের পশ্চিম পাশে দেয়ালজুড়ে টাঙানো হয় ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আলোকচিত্র।
পথনাটক উৎসবে ছয়টি নাট্যদল অংশ নেয়। এসব দলে নাট্যকর্মী ছিলেন ১৪৮ জন। এ ছাড়া পুরো অনুষ্ঠানে প্রায় ৩০০ সাংস্কৃতিক কর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেয়। সবার অংশগ্রহণে আজাদি ময়দান এক মিলনমেলায় পরিণত হয়।