শেষ দিনে মূল মঞ্চে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাপনী সন্ধ্যায় উৎসবের মূল মঞ্চে ভরতনাট্যম পরিবেশন করছেন কল্পতরুর শিল্পীরা l ছবি: প্রথম
সমাপনী সন্ধ্যায় উৎসবের মূল মঞ্চে ভরতনাট্যম পরিবেশন করছেন কল্পতরুর শিল্পীরা l ছবি: প্রথম

আট রকমের নাচ নিয়ে সাত দিনের টানা পরিবেশনা। প্যাভিলিয়নে দর্শকদের জায়গা হচ্ছিল না বলে করতে হয়েছে দুবার করে। নাচের গান নির্বাচনে ছিল সজাগ সতর্কতা—দেশকে প্রতিনিধিত্বকারী সব গান থাকল তো? শুধু তা-ই নয়, ভরতনাট্যমে বাংলাদেশের শিল্পীদের পারদর্শিতা ও শুদ্ধতাও অনেক দিন মনে রাখবেন ভারতের আন্তর্জাতিক নৃত্য উৎসবে যোগ দেওয়া নানা দেশ ও জাতির নৃত্যপ্রেমীরা। এরই মধ্য দিয়ে আরও একবার সমৃদ্ধ সংস্কৃতির বাংলাদেশকেই জানল বিশ্ব।

গতকাল রোববার ছিল খাজুরাহো নৃত্য উৎসবের সমাপনী দিন। বিকেলে বাংলাদেশ প্যাভিলিয়নে দেশাত্মবোধক গানের সঙ্গে নাচ করেন সাধনার শিল্পীরা। এর আগে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস দর্শকদের সামনে ইংরেজি ও হিন্দিতে জানিয়ে দেন সাধনার শিল্পনির্দেশক লুবনা মারিয়াম। নিজেও নাচ করেন ‘ও আমার বাংলা মা’ গানে।

সন্ধ্যার শুরুতেই মূল মঞ্চে ছিল বাংলাদেশের শিল্পী অমিত চৌধুরীর কোরিওগ্রাফি ও কম্পোজিশনে কল্পতরুর ভরতনাট্যম। এটির নৃত্য পরিকল্পনা করেছেন কীর্তি রাম গোপাল। পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে এই নৃত্যে দেখানো হয় নটরাজ শিবকে নিয়ে কবিতা, বিষ্ণুকে নিয়ে গল্প। শেষাংশে ভরতনাট্যমের ধীর, মধ্য ও দ্রুতগতির নানা যতির মিশেল উপস্থাপন করেন ছয় শিল্পী। পরিবেশনা শেষে তুমুল করতালি ছাপিয়ে দর্শকসারি থেকে হিন্দি ভাষায় একজনকে বলতে শোনা গেছে, ‘খুব ভালো, চমৎকার!’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাস্ত্রীয় নৃত্যের ডেমনস্ট্রেটর ও সাধনার নৃত্য পরিচালক অমিত চৌধুরী জানালেন, ভরতনাট্যমের এই পরিবেশনা প্রথমবারের মতো উপস্থাপন করা হলো, সেও কোনো আন্তর্জাতিক মঞ্চে। তিনি বলেন, ‘বিষয়টি সাধনা, বাংলাদেশ এবং দেশটির নৃত্যশিল্পীদের একটি বড় অর্জন।’

এই সন্ধ্যায় মূল মঞ্চে কত্থক পরিবেশন করেন দিল্লির বিধা লাল ও অভিমন্যু লাল, ভরতনাট্যম পরিবেশন করেন চেন্নাইয়ের জ্যোৎস্না জগন্নাথ এবং ওডিশি পরিবেশন করেন দিল্লির গৌরী দ্বিবেদী। গত সাত দিনে নিজেদের প্যাভিলিয়নে সাতটি ভিন্ন ভিন্ন পরিবেশনার মাধ্যমে বাঙালি জাতির নাচ ও গানকে বিশ্ববাসীর সামনে তুলে ধরল সাংস্কৃতিক সংগঠন সাধনা। গত এক সপ্তাহে সাধনার পরিবেশনাগুলোর কোরিওগ্রাফি করেছেন সাব্বির আহমেদ খান, সুইটি দাস চৌধুরী ও অমিত চৌধুরী। সংগঠনটির শিল্পনির্দেশক লুবনা মারিয়াম জানালেন, শিল্পীদের টানা এক মাসের পরিশ্রম সার্থক হয়েছে। আয়োজক ও দর্শকেরা তাঁদের নাচের দারুণ প্রশংসা করেছেন।

উৎসবের আয়োজক প্রতিষ্ঠান ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীত ও কলা একাডেমির সহকারী পরিচালক রাহুল রাস্তগি বলেন, ‘অতিথি ভগবানতুল্য। বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে পেয়ে আমরা যারপরনাই আপ্লুত। বারবার তাদের আমন্ত্রণ জানাতে পারলে আমরা ধন্য হব।’