
শিখণ্ডী কথা আর ক্রীতদাসের হাসি দিয়ে শেষ হলো সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্য উৎসব। ভাষাসৈনিক, কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার প্রয়াত সৈয়দ বদরুদ্দীন হোসেইনের ৯৪তম জন্মদিন ছিল গতকাল ১১ এপ্রিল। এ উপলক্ষে পদাতিক নাট্য সংসদ বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় নাট্যোৎসব ও স্মারক সম্মাননা প্রদানের আয়োজন করে ৫ এপ্রিল। সাত দিনের এ আয়োজন গতকাল শেষ হয়।
মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়িত হয় ক্রীতদাসের হাসি। কথাশিল্পী শওকত ওসমানের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন অভিনেত্রী হৃদি হক। আর নির্দেশনায় নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম।
বাগদাদের খলিফা হারুন অর রশিদের গল্পের মধ্য দিয়ে কথাশিল্পী শওকত ওসমান রূপকভাবে তুলে এনেছেন পাকিস্তানের শাসক আইয়ুব খানকে। যাঁর শাসন বাংলাদেশের মানুষ মেনে নেয়নি।
একই সন্ধ্যায় উৎসবের সমাপনী নাটক হিসেবে পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় মহাকাল নাট্যসম্প্রদায়ের আলোচিত নাটক শিখণ্ডী কথা। আনন জামান রচিত ও রশীদ হারুন নির্দেশিত নাটকটি হিজড়া সমাজের মানুষের সুখ-দুঃখ কথামালায় গাথা।