চলে যাচ্ছেন যে! ছবি দেখবেন না? আয়োজকদের একজন জিজ্ঞেস করলেন এক তরুণীকে। জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন থেকে বের হয়ে যাচ্ছিলেন তিনি। গতকাল সোমবার বিকেলে সেখানে চলছিল ভারতীয় ছবি থ্রি নট। এই দিন সকাল ও দুপুরের প্রদর্শনীতে দেখানো হয় বিভিন্ন দেশের ১১টি চলচ্চিত্র। এই দুটি প্রদর্শনীতেই দর্শক ছিল প্রায় ষাট থেকে সত্তর জন। বিকেলে শ খানেক দর্শক উপস্থিত থাকতে দেখা গেছে। এঁদের মধ্যে নারী দর্শকের সংখ্যাই বেশি।
শুক্রবার শুরু হয় পাঁচ দিনের এই দ্বিতীয় আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব। ইডেন কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী ফাইজুন নাহার জানালেন, ‘বিষকাঁটা ছবিটি দেখতে এসেছিলাম। সেটি দেখানো হবে না।’
এ প্রসঙ্গে উৎসব পরিচালক মেহেদী হাসান জানালেন, ‘রোববার বিকেলে পরিচালক ফারজানা ববি তাঁর বিষকাঁটা ছবিটি না দেখাতে অনুরোধ করে এসএমএস পাঠিয়েছেন।’
ছবি দেখে বেরিয়ে ইরানের ছবি লেডির বাক্সে একটি ‘নট ব্যাড’ ভোট দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের শিক্ষার্থী ফারহানা। তিনি জানালেন, ‘শর্ট ফিল্ম তো সব সময়ই ভালো। সে জন্যই দেখতে এসেছিলাম। তবে তাদের অপারেটিং বেশ দুর্বল, ছবির ধারাবাহিকতা নষ্ট হচ্ছিল।’
অনিবার্য কারণ দেখিয়ে চলচ্চিত্র নিয়ে এই দিনের একটি কর্মশালা স্থগিত করা হয়। উৎসবের শেষ দিনে আজ দেখানো হবে ফ্রান্স, স্পেন, মেক্সিকো, ব্রাজিল, ভারতসহ বেশ কয়েকটি দেশের চলচ্চিত্র।