এনটিভিতে আজ রাতে দেখানো হবে মামুলি একটা মানুষ নাটকের শেষ পর্ব। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। অভিনয় করেছেন মৌটুসী। কথা হলো তাঁর সঙ্গে।‘মামুলি একটা মানুষ’ নাটকের শেষ পর্বে কী ঘটতে যাচ্ছে?নাট্যকার শেষ পর্বে কিছু চমক রেখেছেন। আমি চাই, দর্শক সেটা টিভিতেই দেখুক। তবে এতটুকু বলব, আসল ও নকল সাগরকে নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, আজ তার অবসান হবে। শেষ দিকে এমন কিছু দৃশ্য ছিল, সেখানে অভিনয় করতে গিয়ে আমার চোখ সত্যিই ভিজে গিয়েছিল। আমি অনেক কেঁদেছি। পরিণতিটা কী রকম হবে, আমার মনে হয় দর্শক তা ভাবতেই পারবে না।শেষ দিকের কাজগুলো কবে করেছিলেন?মাসখানেক আগে। ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তিনি এখন থিয়েটারের ওপর কাজ করার জন্য ইউরোপে আছেন। এ কাজের জন্য ইউরোপের কয়েকটি দেশে তাঁকে দীর্ঘ সময় থাকতে হবে। তাঁর কারণে পরিচালক তখন পুরো নাটকের কাজ দ্রুত শেষ করেছেন।‘চন্দ্রমগ্ন’ ধারাবাহিকেও তো আপনি অভিনয় করেছেন।হ্যাঁ, এই নাটকে তৌকীর আহমেদ আমার স্বামী। একটু লোভী-প্রকৃতির। আমাকে নানাভাবে নির্যাতন করেন। তিনি আবার নাটকটি পরিচালনাও করেছেন। শুটিংয়ের সময় আমাকে পুকুরে নামতে হয়েছিল। পুকুরের অবস্থা খুব একটা ভালো ছিল না; তাতেই আমাকে ডুব দিতে হয়েছে। কয়েকটি শটের জন্য অনেক সময় এ পুকুরেই আমাকে থাকতে হয়েছে।এখন কী করছেন?আজ লন্ডন যাচ্ছি। ওখানে রেইনবো উৎসবে আমাকে আর মিলনকে আমন্ত্রণ জানানো হয়েছে। মাসুম রেজার লেখা একটি নাটকে আমরা অভিনয় করেছিলাম। সেটা এই উৎসবে দেখানো হবে। আমরা সেখানে থাকব ১৫ দিন। এ সময়ে আমরা আরও দুটি নাটকে অভিনয় করব। ওই দুটিও লিখেছেন মাসুম রেজা। আর পরিচালনা করবেন মোস্তফা কামাল।আপনি একসময় ট্রাভেলবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এরপর আর সেভাবে আপনাকে দেখা যায়নি।ওটা ছিল অ্যাডভেঞ্চার বাংলাদেশ। ১০ বছর আগে একুশে টিভিতে প্রচারিত হয়েছিল। এখন আবার একটি ট্রাভেল শো করব। এটি পরিচালনা করছেন শাহরিয়ার শাকিল। কাজ হবে আগামী মাসে।