মেরিল-প্রথম আলো তারকা জরিপের পুরস্কারে এবার যাঁদের ঘিরে প্রতিযোগিতা হচ্ছে, তাঁদের লড়াইটা যেন দিন দিন জমে উঠছে। যেমন চলচ্চিত্রের নায়িকা হিসেবে যাঁরা মনোনয়ন পেয়েছেন, তাঁরা প্রত্যেকেই লড়ছেন নিজ নিজ অবস্থান থেকে। অবশ্য এই লড়াইতে তাঁদের এনেছেন ভক্ত আর দর্শকেরা।নায়িকা হিসেবে চূড়ান্ত পর্বে মনোনয়ন পেয়েছেন মোট পাঁচজন— অপু বিশ্বাস, তিশা, মিলি, মীম ও শাবনূর।অপু বিশ্বাস এখন ভীষণ ব্যস্ত। এ মুহূর্তে আছেন কক্সবাজারে। বললেন, ‘সমুদ্রের প্রেমে পড়ে গেছি। মনে হচ্ছে এখানেই থেকে যাই।’ অপুর হাতে আছে এখন মোট ২৫টি ছবি। সব ছবিতেই তিনি শাকিবের বিপরীতে অভিনয় করছেন। অপু মনোনয়ন পেয়েছেন মনে বড় কষ্ট ছবিতে অভিনয়ের জন্য। বললেন, ‘এই ছবির নামের সঙ্গে যেমন কষ্ট কথাটি জড়িত আছে, তেমনি ছবিটি করতে গিয়ে আমাদের খুবই কষ্ট করতে হয়েছিল। ছবিটি ঈদে মুক্তি পেয়েছিল এবং ব্যবসায়িক সাফল্য পায়। এমন একটি ছবির জন্য দর্শক আমাকে পছন্দ করেছেন জেনে আমি আনন্দিত।’অপুকে ভোট দিতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 2a টাইপ করে ২২২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এ ছাড়া অপুকে জেতাতে হলে পত্রিকায় প্রকাশিত কুপন পূরণ হলে পাঠাতে পারবেন।তিশা। জীবনের প্রথম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রে অভিনয় করেই পেয়েছেন মনোনয়ন। তিনি এখন নাটকের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। জানিয়েছেন, সামনে চলচ্চিত্রে অভিনয় করার ব্যাপারে কথাবার্তা চলছে, তবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তিশা বললেন, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিটি শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনে যাচ্ছে এবং সেখানেও প্রশংসিত হচ্ছে। এটা তো অবশ্যই আমার অভিনয়জীবনের জন্য একটা ইতিবাচক দিক। আর এ ছবি দিয়ে মনোনয়ন পাওয়া অবশ্যই আনন্দের একটি ব্যাপার।’মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 2b টাইপ করে ২২২১ নম্বরে এসএমএস পাঠিয়ে তিশাকে ভোট দেওয়া যাবে।এর পাশাপাশি পাঠাতে পারেন পত্রিকার কুপনও।মনপুরা দিয়ে শুরুটা করে পেয়েছেন অনেক অনেক খ্যাতি, সম্মান আর ভালোবাসা। এবার মিলি পেয়েছেন মনোনয়নও। মিলি এখন নাটকেই বেশি ব্যস্ত। বেশি কাজ করেন না। বেছে বেছে কাজ করেন। মিলিকে ভোট দিতে mp লিখে স্পেস দিয়ে 2d টাইপ করে ২২২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এর বাইরে রয়েছে পত্রিকায় প্রকাশিত কুপন। প্রথম বাণিজ্যিক ছবি আমার প্রাণের প্রিয়া দিয়েই মাতিয়েছেন মীম। এখন তিনি নাটক আর বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত আছেন। সম্প্রতি জাহিদ হাসানের পরিচালনায় একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। মীম বললেন, ‘আমার প্রাণের প্রিয়া আমার দ্বিতীয় চলচ্চিত্র। এ ছবিতে কাজ করতে গিয়ে একটা দুঃখের স্মৃতি আছে। তেপান্তর শুটিং স্পটে গানের মধ্যে পানিতে পড়তে হবে। আমি সাঁতার জানি না। তখন এই দৃশ্যে কাজ করতে রাজি হচ্ছিলাম না। কিন্তু পরিচালক বললেন, এটা লাগবে। কী আর করা। চোখ বন্ধ করে পানিতে ঝাঁপ দিলাম। মনে হচ্ছিল আমি ডুবে যাচ্ছি। শাকিব ভাই আমাকে কোনো রকমে ধরে রাখলেন। আর এই ছবির জন্য মনোনয়ন পেয়েছি—এতে আমি খুবই খুশি।’মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 2e টাইপ করে ২২২১ নম্বরে এসএমএস পাঠিয়ে মীমকে ভোট দেওয়া যাবে।চাইলে কুপন পূরণ করেও পাঠাতে পারেন।একবার নয়, দুইবার নয়, নয়বার মেরিল-প্রথম আলো তারকা পুরস্কারে শাবনূর জিতেছেন সেরা নায়িকার পুরস্কার। এই নায়িকা এখনো চলচ্চিত্রে বেশ দাপটের সঙ্গে কাজ করছেন। বললেন, ‘বলব কথা বাসর ঘরে ছবির জন্য মনোনয়ন পাওয়ায় মনে হচ্ছে যে দর্শকেরা আমার জন্য ছবি বাছাই করতে মোটেও ভুল করেননি। আশা করছি, চূড়ান্ত পর্বেও ভক্তরা আমার সঙ্গে থাকবেন।’শাবনূরকে ভোট দিতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে mp লিখে স্পেস দিয়ে 2f টাইপ করে ২২২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এ ছাড়া কুপন পূরণ করে শাবনূরকে আপনি আপনার ভোট দিতে পারেন খুব সহজেই।যাঁরা খুদে বার্তা ও কুপন পূরণ করে এই প্রতিযোগিতায় অংশ নেবেন, তাঁদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। আর এই প্রতিযোগিতায় অংশ নিতে আপনি গ্রামীণফোন, বাংলালিংক, একটেল, সিটিসেল, ওয়ারিদ ও টেলিটক মুঠোফোন থেকে এসএমএস পাঠাতে পারবেন।