শেষ নয় শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইডেনের ‘অ্যাব্যানডন্ড ওয়ার্ল্ড’ মাতিয়ে গেল বাংলাদেশের তরুণদের
সুইডেনের ‘অ্যাব্যানডন্ড ওয়ার্ল্ড’ মাতিয়ে গেল বাংলাদেশের তরুণদের

গত ২৮ আগস্ট ঢাকার জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে ‘ইস্টার্ন ডার্কফেস্ট’ শীর্ষক একটি মেটাল কনসার্টে গান পরিবেশন করে গেল সুইডিশ দল ‘অ্যাব্যানডন্ড ওয়ার্ল্ড’। তারা এতটা পথ পাড়ি দিয়ে বাংলাদেশের কিছুসংখ্যক মেটালভক্ত শ্রোতার সামনে গান করে অত্যন্ত আনন্দিত। আজ ‘আনন্দ’ পাঠকদের জন্য থাকছে ‘অ্যাব্যানডন্ড ওয়ার্ল্ড’ নিয়ে কিছু কথা।
দল হিসেবে অ্যাব্যানডন্ড ওয়ার্ল্ডের বয়স খুবই কম। ২০১২ সালের আগস্ট মাসে তাদের যাত্রা শুরু হয়েছিল সুইডেনের স্টকহোমে। ব্লার আজিজ (লিড ভোকালিস্ট) ও উইলহেম হোগস্ট্রোম (সাবেক গিটারিস্ট) মিলে দলের গোড়াপত্তন করেন। তবে বেশ কিছুদিন অনুশীলনের পর ২০১৩ সালে তাঁরা পূর্ণাঙ্গ একটি মেটাল দল হিসেবে আত্মপ্রকাশ করে কনসার্টে অংশগ্রহণ করার মধ্য দিয়ে। তখন উইলহেম হোগস্ট্রোম দল ত্যাগ করেন। সেখানে স্যামুয়েল তালেবি (গিটার), হার্নান সোটো গঞ্জালেস (ড্রামস) ও কিম লিলয়েডাল (বেজ) সদস্য হিসেবে ছিলেন। তাঁরা কেউ আগে থেকে একে অপরকে চিনতেন না। একসঙ্গে গান করতে করতে তাঁদের বন্ধুত্ব বাড়ে। ২০১৩ সালের ১১ জানুয়ারি তাঁরা ইমার্জেঞ্জা মিডিজিক ফেস্টিভ্যালে বাজানোর মধ্যে দিয়ে দর্শকদের সামনে প্রথমবারের মতো আসেন।
তাঁরা প্রথমে সাময়িকভাবে দলের নাম রাখলেন অ্যাব্যানডন্ড ওয়ার্ল্ড। তাঁরা অন্য নাম খুঁজছিলেন। আর তা পাওয়ার আগ পর্যন্ত দলের নাম অ্যাব্যানডন্ড ওয়ার্ল্ড রাখার সিদ্ধান্ত নিলেন। তবে শেষ পর্যন্ত তাঁরা ‘অ্যাব্যানডন্ড ওয়ার্ল্ড’ নামটির প্রতি বেশ দুর্বল হয়ে পড়েন। তাই তাঁরা এ নামটিই চূড়ান্ত করে ফেলেন। তারপর দেখতে দেখতো বেশ কটি কনসার্টে অংশ নেন।
উল্লেখযোগ্য কনসার্টের মধ্যে আছে:
 ইমার্জেঞ্জা মিডিজিক ফেস্টিভ্যাল (জানুয়ারি ও এপ্রিল)
 লিডিঙ্গো রক (এপ্রিল)
 ব্রোডার টাক (মে ও জুন)
 মেটাল্কভাল (মেটাল ইভনিং) (মে)
তাঁরা কনসার্টে একাধিকবার বিশ্বের অনেক নামকরা মেটাল দলের পাশাপাশি বাজিয়েছেন। কনসার্টগুলোতে মেশিন হেড, ক্যালিবান, গত ফরবিড, ক্যানিবাল কর্পস, ল্যাম্ব অব গড, অ্যাজ আই লে ডায়িং, পার্কওয়ে ড্রাইভ ও চেলসিয়া গ্রিনের মতো বিশ্বের বড় বড় মেটাল দল অংশ নিয়েছে। অ্যাব্যানডন্ড ওয়ার্ল্ড মূলত মেটালকোর ও ডেথকোর ঘরানার গান করে। নিজেদের অনুপ্রেরণা হিসেবে তারা উল্লেখ করে সুইসাইড সাইলেন্স, অ্যাজ আই লে ডায়িং, আগস্ট বার্নস রেড, পার্কওয়ে ড্রাইভ, চেলসিয়া গ্রিন, হেভেন শ্যাল বার্ন, ব্রেকডাউন অব স্যানিটি, ল্যাম্ব অব গড, দাই আর্ট ইজ মার্ডার, হোয়াইটচ্যাপেল, কিলসুইচ অ্যাসোইজডের নাম।
এখন পর্যন্ত তারা ‘ইনসেপশন’ শীর্ষক একটি ইপি বের করেছে। এর মধ্যে প্রথম পূর্ণদৈর্ঘ্যের অ্যালবামের কাজ হাতে নিয়েছে দলটি। অ্যালবামের কাজ শিগগিরই শেষ করার আশা তাদের।
বাংলাদেশে এসে কনসার্ট করার মধ্য দিয়েই তারা প্রথমবারের মতো তাদের দেশ সুইডেনের বাইরে কনসার্ট করল।
ইস্টার্ন ডার্কফেস্টে আমাদের দেশের মেটাল দল সেই মেন রিভল্ট, ক্রিয়েচার অব জাজমেন্ট, হোমিসাইড, অপদেব, ডিসপার্সন, ওথ, ওয়ারলক, স্টিজিয়ান ওথ, জোন অব ইনার ডিজিজেস, অ্যাবসেন্টিয়াসহ ভারতের দল ক্রনিক জোর্ন অংশ নেয়।
অ্যাব্যানডন্ড ওয়ার্ল্ড বাংলাদেশে কনসার্ট করে অত্যন্ত আনন্দিত। দর্শকদের উন্মত্ততা দেখে তারা তাদের বাংলাদেশ সফর সার্থক বলে জানিয়েছে। তারা তাদের ইপি ‘ইনসেপশন’ বিনা মূল্যে বিতরণ করে যায়। তারা যাওয়ার আগে বলেছে, ‘এটা শেষ নয়, এটাই তাদের শুরু।’ বাংলাদেশে তারা আবার আসতে চায়।

অ্যাব্যানডন্ড ওয়ার্ল্ডের সদস্যরা
 ব্লার আজিজ—ভোকালস
 স্যামুয়েল তালেবি—গিটার
 হার্নান সোটো গঞ্জালেস—ড্রামস
 কিম লিলয়েডাল—বেজ
মনোয়ারুল হক