শেষ পর্যন্ত অ্যাম্বারকেই বিয়ে করছেন জনি ডেপ

শেষ পর্যন্ত হলিউডের অভিনেত্রী অ্যাম্বার হার্ডকেই বিয়ে করছেন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ তারকা জনি ডেপ। সম্প্রতি এ তারকা জুটির বাগদানের খবর নিশ্চিত করেছেন তাঁদের কাছের একটি সূত্র।
এ প্রসঙ্গে সূত্রটির বরাতে পিপল ম্যাগাজিন জানিয়েছে, বাগদান সম্পন্ন হওয়ায় ডেপ ও তাঁর প্রেমিকা অ্যাম্বার দুজনই অনেক খুশি। বাকিটা জীবন একসঙ্গেই কাটাতে চান তাঁরা। এরই মধ্যে কাছের বন্ধুদের বাগদানের খবর নিশ্চিত করেছেন ২৭ বছর বয়সী অ্যাম্বার।
ডেপ-অ্যাম্বারের বাগদানের খবর ফাঁস হওয়ার আগেই অ্যাম্বারের অনামিকায় বিশাল একটি আংটি দেখা যাওয়ার পর তাঁদের বাগদানের গুঞ্জন উঠেছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যে পরিণত হল।
অ্যাম্বারের আগে ফরাসি অভিনেত্রী ও গায়িকা ভেনেসা প্যারাডিসের সঙ্গে এক যুগেরও বেশি সময় ধরে এক ছাদের নীচে বসবাস করেছেন ডেপ। তাঁদের দুটি সন্তানও আছে। ৫০ বছর বয়সী ডেপের মেয়ে লিলি রোজ ও ছেলে জ্যাক ক্রিস্টোফারের সঙ্গে দারুণ সখ্য গড়ে তুলেছেন অ্যাম্বার হার্ড। লিলি ও জ্যাকের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন তিনি।
২০১১ সালের অক্টোবরে মুক্তি পাওয়া ‘দ্য রাম ডায়েরি’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন ডেপ ও অ্যাম্বার। ২০১২ সালের জুনে দীর্ঘ ১৪ বছরের প্রেমের ইতি টানার ঘোষণা দেন ডেপ ও ভেনেসা। সেই থেকে বয়সে ২৩ বছরের ছোট অ্যাম্বারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জনি ডেপ।