শেষ পর্যন্ত থিয়েটারে সরকারি বাজেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থিয়েটারে সরকারি বাজেট বিষয়ে যুদ্ধটা শুরু স্বাধীনতাযুদ্ধের পরপরই। যুদ্ধফেরত একদল তরুণ বাংলাদেশের মঞ্চনাটক এগিয়ে নিতে এগিয়ে আসেন। শুরুটা ছিল চমৎকার। ১৯৭৩ সাল থেকে দর্শনীর বিনিময়ে নাটক প্রদর্শনী। তখন থেকেই মঞ্চ আলোকিত হতে থাকে। আশির দশকে এসে থিয়েটারের একাধিক সফল নাটক প্রদর্শনীর মধ্য দিয়ে থিয়েটারে নতুন মাত্রা যোগ হয়। ফলে আরও এগিয়ে যায় থিয়েটার। কর্মীদের কাছে তখন থিয়েটারই সবকিছুর ওপর। কিন্তু থিয়েটার থেকে তো কোনো অর্থ আসে না। নিজের তো চলতে হবে। আর নতুন নাটক মঞ্চে আনতে তো অনেক খরচের ব্যাপার। বাংলাদেশের সবচেয়ে বড় নাট্যসংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন গঠিত হয় ১৯৮০ সালে। ফেডারেশনের মাধ্যমে সরকারের কাছ থেকে মঞ্চনাটকের জন্য ভর্তুকির ব্যবস্থা করার তাগিদ শুরু হলো। কেননা, পৃথিবীর সব দেশেই থিয়েটারে সরকার ভর্তুকি দিচ্ছে। সেই ধারণাটিও তখন নাট্যকর্মীদের মধ্যে ছিল। সেই ১৯৮০ থেকে আজ ২০১১ সাল। মাঝখানে ৩০ বছর। সরকারের পক্ষ থেকে থিয়েটারের জন্য কিছুই আসেনি এত দিন। শুধু মাঝখানে কিছুদিন বেঙ্গল ফাউন্ডেশনের অনুদান আর বাকি এই দীর্ঘ সময় নাট্যকর্মীদের চাঁদার অর্থে থিয়েটার পরিচালিত হয়ে আসছে। এবারই প্রথম থিয়েটারের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনকে দেওয়া হয়েছে। এই ফান্ডের পরিমাণ ৬২ লাখ টাকা। সংস্কৃতি বিকাশের আওতায় সরকার এ বছর এক কোটি টাকা বাজেট করে। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাধ্যমে ৬২ লাখ টাকা মঞ্চনাটকে দেওয়া হয়। পুরো টাকা এ বছরের জুন মাসে বাজেট ঘোষণার মধ্যেই থিয়েটারের উন্নয়নে খরচ করতে হবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আকতারুজ্জামান বলেন, ‘আমরা থিয়েটারের ওপর আটটি খাত ধরে এই বাজেট খরচের আওতায় এনেছি। খাতগুলো হলো, বিশ্ব নাট্য দিবস সারা দেশে পালন, মহানগর নাট্যোৎসব, সাত বিভাগীয় নাট্যোৎসব, সারা দেশে অভিনয় কর্মশালা, নাট্যকার কর্মশালা, নির্দেশক সেট আলোক ডিজাইন কর্মশালা, জাতীয় নাট্যোৎসব, বাংলাদেশের নাট্যচর্চার ইতিহাস নিয়ে প্রকাশনা ও দুই বাংলা নাট্যোৎসব। ইতিমধ্যে কয়েকটি খাতের কাজ শেষ হয়েছে। আমরা এ বছরই সব খাতের কাজের তালিকা করেছি। শেষও করা হবে। সাংস্কৃতিক মন্ত্রণালয়কেও বিষয়টি জানানো হয়েছে।’ এ বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাধীনতার পর এই প্রথম সরকারিভাবে থিয়েটারের জন্য বাজেট করা হলো। একে আমরা স্বাগত জানাই।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করব, এখন থেকে প্রতিবছরই থিয়েটারের উন্নয়নে এই অর্থ সরকার দেবে।’ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রামেন্দু মজুমদার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘আমরা কয়েক যুগ ধরেই থিয়েটারের জন্য সরকারি বাজেটের জন্য আন্দোলন করে আসছিল। শেষ পর্যন্ত এত দিন পর সরকার আমাদের জন্য বাজেট দিয়েছে। আমরা আনন্দিত। আমাদের থিয়েটারের আরও উৎকর্ষসাধন, আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি ঘটানোর জন্য থিয়েটারচর্চা যাতে ভালোভাবে করা যায়, সে জন্য এ ধরনের বাজেট প্রতিবছরই অব্যাহত থাক—এটাই চাইব।’ তবে থিয়েটারের জন্য এবারের বাজেট ঘোষণার পর থেকে অর্থ ছাড় পর্যন্ত সময়টা সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, ‘আমলাতান্ত্রিক জটিলতার কারণে ফান্ড পেতে পেতে বছর শেষ হয়ে যাচ্ছে। আমরা ফেডারেশনের বিভিন্ন কাজের বিপরীতে যে টাকা পেয়েছি, এই তিন মাসের মধ্যে তা শেষ করতে হলে লেজেগোবরে অবস্থা হয়ে যেতে পারে। আমরা চাই, বছরের শুরুতে যেন থিয়েটারের জন্য বাজেট ঘোষণা করে দ্রুত অর্থ ছাড় করা হয়। এতে আমরা সারা বছর থিয়েটার নিয়ে একাধিক কার্যক্রম খুব সুন্দরভাবে করে যেতে পারব।’