শেষ মুহূর্তে ব্যস্ত প্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এফডিসিতে পরিচালক সমিতির নির্বাচনী প্রচারের এক ফাঁকে নির্মাতাদের সেলফি
এফডিসিতে পরিচালক সমিতির নির্বাচনী প্রচারের এক ফাঁকে নির্মাতাদের সেলফি

জাতীয় পর্যায়ের কোনো নির্বাচন নয়, এফডিসি সরগরম বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের (২০১৬-১৭) উত্তাপে। মূল ফটক দিয়ে ঢুকতেই সেই উত্তাপ আঁচ করা যায়। বিভিন্ন প্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুনে এফডিসি ছেয়ে গেছে। মুখে লাইট-ক্যামেরা-অ্যাকশন, কাট—কোনো কিছুই নেই। এখন শুধুই ভোট প্রার্থনা। কোনো ফ্লোরে শুটিংয়ের ব্যস্ততা নেই। ৩০ ডিসেম্বর নির্বাচন; তাই কেউ কেউ নির্বাচনের দুই দিন আগেই শুটিং বন্ধ করে দিয়েছেন।
শেষ মুহূর্তে প্রার্থীদের দম ফেলার সময় নেই। আজকের দিন পেরোলেই বন্ধ হয়ে যাবে নির্বাচনী প্রচারণা। তাই প্যানেল ধরে দলে দলে, কেউ আবার একাই ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করে ভোট চাইছেন।
ক্যানটিন চত্বরে আলাদা প্যানেলের ক্যাম্প বসানো হয়েছে। এক ক্যাম্পে বসে ছিলেন পরিচালক গাজী জাহাঙ্গীর। তিনি জানালেন, তাঁর ভাই গাজী মাহবুব কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচন করছেন। এ জন্য তাঁর প্রেমের বাঁধন ছবির শুটিং নির্বাচন পর্যন্ত বন্ধ রেখেছেন।
পরিচালক সমিতির সামনে দেখা হয় নির্মাতা শাহীন কবির টুটুলের সঙ্গে। তিনি আন্তর্জাতিকবিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। পরিচালক সমিতির নির্বাচনে এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। প্রথম হলেও জয়ের ব্যাপারে আশাবাদের কথা জানালেন এই পরিচালক। বলেন, ‘গুণী পরিচালকদের অনুরোধেই প্রার্থী হয়েছি। এখানে থেকে চলচ্চিত্রের জন্য কাজ করতে চাই।’
এফডিসির বাগানের পাশে প্রচারণার সময় কথা হয় মহাসচিব প্রার্থী বদিউল আলম খোকনের সঙ্গে। তিনি জয়-পরাজয় ভোটারদের হাতেই ছেড়ে দিলেন। বললেন, ‘১৭ বছর ধরে পরিচালক হিসেবে কাজ করছি। ভোটাররা যাঁকে যোগ্য মনে করবেন, তাঁকেই ভোট দিয়ে জয়ী করবেন।’
সমিতির সভাপতি, মহাসচিবসহ ১৭টি পদের বিপরীতে তিনটি প্যানেল থেকে ৫১ জন ও কার্যনির্বাহী সদস্যপদে ৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫৫ জন প্রার্থী নির্বাচন করছেন। প্যানেল তিনটি হলো আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু, মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন, সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব।
পরিচালক সমিতির সাধারণ সদস্যদের ভোটে প্রার্থীদের জয়-পরাজয় নির্ধারিত হবে। এদিকে নির্বাচন কমিশনের সদস্য বি এইচ নিশান জানান, আগামীকাল রাত ১২টার পর থেকে নির্বাচনের সব প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে।