শেষ সংলাপ
‘খুবই ভালো লাগল। আমি নাটকটি দেখে খুবই মুগ্ধ হয়েছি। নাটকটির পাণ্ডুলিপি, অনুবাদ, পোশাক, শিল্পীদের পরিবেশনা—সবই ছিল চমত্কার। আমার কাছে প্রযোজনাটা অসাধারণ মনে হয়েছে। অনেক দিন পর ভালো একটি প্রযোজনা উপভোগ করলাম।’ শেষ সংলাপ নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন দেখার পর এমন মন্তব্য করলেন নাট্যজন রামেন্দু মজুমদার। তাওফীক আল-হাকীমের সুলতানুজ জান্নাম অবলম্বনে নাটকটির অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম সাইফুল ইসলাম মাহমুদ আর নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। সময় নাট্যগোষ্ঠীর নতুন প্রযোজনা হিসেবে পরীক্ষণ থিয়েটার হলে শেষ সংলাপ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল গত ২৩ জানুয়ারি। ওই দিন প্রদর্শনীর আগে নাটকটির উদ্বোধন করার কথা ছিল প্রখ্যাত নাট্যকার সাঈদ আহমদের। কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুতে সিদ্ধান্ত পাল্টানো হয়। পরে নাটকটির উদ্বোধন করেন আরেকজন বরেণ্য নাট্যকার সৈয়দ শামসুল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘সাঈদ আহমদ বেঁচে থাকলে অবশ্যই তিনি নাটকটি দেখতে আসতেন। নাটকটির বিষয়বস্তু আগেই আমার জানা। এ বিষয়বস্তু আমাদের সমাজের বাইরের নয়। এটি বিশ্বসাহিত্য-ভান্ডারের একটি অংশ। আর বিশ্বসাহিত্য-ভান্ডারে সাঈদ আহমদের অবাধ যাতায়াত ছিল।’ সৈয়দ হক নাটকটি মঞ্চে আনার জন্য নির্দেশককে ধন্যবাদ জানান। উদ্বোধনী বক্তব্যের পরই নাটকটির মঞ্চায়ন শুরু হয়। নাটকটি দেখার জন্য ৩০০ আসনের পরীক্ষণ থিয়েটার হলের সব কটি আসন ভরে যায়।নাটকটির নির্দেশক আকতারুজ্জামান বলেন, ‘এর আগে পথনাটকের নির্দেশনা দিলেও মঞ্চনাটক হিসেবে এটি আমার প্রথম কাজ। দীর্ঘদিন ধরে আমি থিয়েটারে কাজ করছি। সেই অভিজ্ঞতা থেকে অনেক দিন ধরেই ভাবছিলাম, একটা মঞ্চনাটকের নির্দেশনা দেব। সে অনুযায়ীই কাজ করেছি। আমার আকাঙ্ক্ষা ছিল, ভালো একটা প্রযোজনা করব। কিন্তু নাটকটি মঞ্চায়নের পর নাট্যজন, দর্শকের মতামতের কাছে আমার সেই আকাঙ্ক্ষা ছাপিয়ে গেছে। নাটকটি দর্শকের মনে এত দাগ কাটবে, আমি বুঝতে পারিনি।’অভিনয় করেছেন রিয়াজ মাহমুদ, আরিফুজ্জামান, পাভেল ইসলাম, ঈশিতা চাকী, ফখরুল ইসলাম, মাকসুদুল বারী, সেলিনা খান, তোফায়েল সরকার, আনোয়ার হোসেন, সুমন পাল, জামাল মোস্তফা, রিংকু, রাসেল প্রমুখ। আলোক নির্দেশনায় ছিলেন আলমগীর হোসেন, মঞ্চ ফয়েজ জহির, পোশাক পরিকল্পনায় আমিনুর রহমান। গত বছরের ২২ ও ২৩ ডিসেম্বর পরীক্ষণ থিয়েটার হলে শেষ সংলাপ নাটকটির কারিগরি মঞ্চায়ন হয়। এরপর ২৮ ডিসেম্বর অনীক আয়োজিত কলকাতার গঙ্গা যমুনা নাট্যোত্সবে মিনার্ভা থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী-পূর্ব মঞ্চায়ন হয়।