শেষ সংলাপ দিয়ে শেষ হচ্ছে ঢাকা ড্রামার নাট্যোৎসব

ঢাকা ড্রামার ৩৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী নাট্যোৎসবের পর্দা নামছে কাল সোমবার। উৎসবের শেষ দিন সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে সময় নাট্যদলের নাটক ‘শেষ সংলাপ’। মিসরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।
উৎসব প্রসঙ্গে ঢাকা ড্রামার দলপ্রধান ও উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ম. আবু হারুন টিটো জানিয়েছেন, ‘সুন্দরের প্রত্যাশায় ঢাকা ড্রামার ৩৭ বছর পূর্তি নাট্যোৎসবের মূল লক্ষ্য মঞ্চ নাটকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বিস্মৃতপ্রায় চারজন মহৎ মানুষকে স্মরণ করা। এই চারজন মানুষ হলেন কল্যাণ মিত্র, চিত্তরঞ্জন সাহা, আব্দুল গণি খোকন এবং দেওয়ান আমিনুর রহমান দুলু। এ ছাড়া মঞ্চের পেছনে নিরলস শ্রম দিয়েছেন এমন পাঁচজন মানুষকে স্মারক প্রদান করতে চাই আমরা। তাঁরা হলেন বঙ্গজিৎ দত্ত, জয়নাল আবেদীন ভূঁইয়া, অশোক মুখার্জি, সবুজ ভূঁইয়া এবং নজরুল ইসলাম।’
‘শেষ সংলাপ’ নাটক সম্পর্কে সময় নাট্যদলের সদস্য পাভেল ইসলাম জানিয়েছেন, এটি সময় নাট্যদলের ২৯তম প্রযোজনা। কাল নাটকটির ৫৪তম প্রদর্শনী হবে। ‘শেষ সংলাপ’ নাটকের পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন। মঞ্চ, সংগীত, পোশাক এবং আলোক পরিকল্পনা করেছেন যথাক্রমে ফয়েজ জহির, কমল খালিদ, আমিনুর রহমান মুকুল এবং আলমগীর হোসেন।
‘শেষ সংলাপ’ নাটকের কাহিনিতে দেখা যাবে, মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তাঁর পালিত পুত্র একজন ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যুকালে তিনি তাঁর মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে পারেন না। পরবর্তী সময়ে মসনদের উত্তরাধিকারী হিসেবে নতুন সুলতানের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয়। সমস্যার সমাধান হবে কোন পথে? আইনি পদ্ধতিতে না কি অস্ত্র প্রয়োগে? কোন পথ বেছে নেবেন সুলতান? এই সমস্যারই এক জটিল শৈল্পিক রূপ ‘শেষ সংলাপ’।
‘শেষ সংলাপ’ নাটকের বিভিন্ন চরিত্রে রয়েছেন আকতারুজ্জামান, পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, রুমা, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সানি, রিংকু, মৌসুমী, সোনিয়া, পৃথিবী প্রমুখ।