ফিরোজা বেগম : শেষ সাক্ষাৎকার

কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে প্রথম আলোকে একটি সাক্ষাৎকার দেন ফিরোজা বেগম। গত ২৫ আগস্ট রাজধানীর ইন্দিরা রোডের কালিন্দি অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাটের বসার ঘরে কথা হয়েছিল তাঁর সঙ্গে। ওটাই ছিল তাঁর শেষ সাক্ষাৎকার। ঘণ্টা দেড়েকের ওই সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশিত হয় ২৮ আগস্ট, প্রথম আলোর ‘আনন্দ’ পাতায়। ৯ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন নজরুলসংগীতের এই কিংবদন্তি শিল্পী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাক্ষাৎকারের বাকিটুকু দেওয়া হলো আজ। সাক্ষাৎকার নিয়েছিলেন মেহেদী মাসুদ
কাজী নজরুল ইসলামের সঙ্গে প্রথম দেখা হওয়া
আমার বয়স তখন এগারো-বারো হবে। ভাই আর মামা মিলে আমাকে নিয়ে গেলেন কলকাতায় এইচএমভিতে। সেখানে রিহার্সেল রুমে ঢুকে দেখি ঘিয়া রঙের পাজামা-পাঞ্জাবি, মাথায় টুপি আর চোখে সোনালি ফ্রেমের চশমা পরা একজন লোক বসে আছেন। আমাকে ডেকে তাঁর পাশে বসালেন। আমি কিন্তু তখনো জানি না, তিনিই কাজী নজরুল ইসলাম। আমি গিয়েছিলাম অডিশন দিতে। শুনে কবি হো হো করে হাসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, ‘বাহ্, বেশ তো! তা কী গান শোনাবে আমাদের?’ আমি শুনিয়েছিলাম ‘যদি পরানে না জাগে আকুল পিয়াসা, শুধু চোখে দেখা দিতে এসো না’ গানটি। রেকর্ড শুনে শিখেছিলাম। গান শেষ করে উঠে দাঁড়ালাম। কবি আমার হাত ধরে টেনে বসালেন। তিনি আমার গানের খুব প্রশংসা করলেন। এরপর তিনি কমল দাশগুপ্তকে ডেকে আনলেন। তখন কমলের বয়স ২২ কি ২৩। খুব সুদর্শন পুরুষ। এরপর আমি আরেকটি গান শোনালাম, ‘কালো পাখিটা মোরে কেন করে জ্বালাতন’। দ্বিজেন্দ্রলাল রায়ের গান। পরে মামা বললেন, ‘তুই যাঁর সামনে বসে গান করছিস, তিনিই কাজী নজরুল ইসলাম।’ সেদিন কবি বলেছিলেন, ‘তোমরা দেখে নিয়ো, এই মেয়ে অনেক ভালো শিল্পী হবে।’ এরপর তিনি সুস্থ থাকা অবস্থায় তাঁর সঙ্গে আরও পঁচ-ছয়বার দেখা হয়েছে।

কমল দাশগুপ্তের সঙ্গে বিয়ে
কমল দাশগুপ্তের সঙ্গে আমার বিয়ে হয়েছিল ১৯৫৬ সালে। এর অনেক আগেই আমি তার কাছে গান শিখতাম—ঠুমরি, দাদরা আর খেয়াল।
দুই ছেলে হামিন আহমেদ আর শাফিন আহমেদের গান নিয়ে
ওরা তো খুব জনপ্রিয়! ওরা দুজনই মাইলসের সদস্য। শাফিন উঁচুমানের একজন গায়ক। সে ব্যান্ডসংগীতে যেমন সফল, তেমনি নজরুলসংগীত আর তার বাবার সুর করা গানও ভালো গায়। হামিন নিজে গান লেখে, সুর করে, গজলও ভালো গায়। এখন সে বামবার সভাপতি। আমি আপনার সঙ্গে কথা বলছি, ওদিকে ও জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছে। কত ঝামেলা পোহাতে হয়। ও পারে, এটা অনেক বড় গুণ। ওদের বাবা যখন মারা যায়, তখন ওরা ছোট। বাবার কাছেই ওরা ক্ল্যাসিকাল শিখেছে। পরে ওরা ব্যান্ডসংগীতে চলে আসে। আমার ছেলেরা এ পেশায় আসুক, তা আমি চাইনি। কারণ, বাংলাদেশে গানকে পেশা হিসেবে নেওয়ার মতো অবস্থা নেই। তারপরও তারা গানের জগতে এসেছে।
কিছু কষ্ট
আমি কারও কাছ থেকেই তেমন কোনো সাপোর্ট পাইনি। পদে পদে বাধার মুখে পড়তে হয়েছে আমাকে। কমল মারা যাওয়ার পর আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। সরকারি একটি বাড়ি পেয়েছিলাম। একসময় সেটিও কেড়ে নেওয়া হয়। এই যে এত দিন আমি অসুস্থ, আমার সন্তান আর কাছের মানুষজন ছাড়া কেউ কোনো খবর নেয়নি। জানি, এসব কষ্টের কোনো মানে নেই, তারপরও মনে হয় আমি তো অনেক দিয়েছি, কিন্তু যা আমার প্রাপ্য ছিল, তার কতটা আমি পেয়েছি?