শেষ হইনি: রানী
‘কে বলেছে আমি শেষ হয়ে গেছি! যখন শুনি লোকে বলে, আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে, তখন কষ্ট লাগে। আমার ক্যারিয়ার তো তৈরি করাই আছে। সেটা কারও কথায় ভাঙবে বা মচকাবে না।’ সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে এভাবেই মন্তব্য করলেন অভিনেত্রী রানী মুখার্জি। তিনি আরও বলেন, ‘ভক্তরাই আমার সব। তারাই আমাকে তারকা বানিয়েছে। তারা যদি কখনো আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার ছবি দেখতে না চায়, তখন আমি মনে করব—আমি শেষ হয়ে গেছি। আমার আর কিছু করার নেই।’ ৩২ বছর বয়সী বাঙালি এই অভিনেত্রী মনে করেন, দর্শকদের আনন্দ দেওয়াটা বড় একটা দায়িত্ব। তাই একেকটা ছবিতে একেক রূপে আবির্ভূত হন তিনি। যেমন দিল বোলে হারিপ্পা ছবিতে তিনি সর্দার বালকের ভূমিকায় অভিনয় করেছেন। আবার নো ওয়ান কিলড জেসিকা ছবিতে তাঁকে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। বছরে দু-তিনটার বেশি ছবিতে কাজ করতে চান না রানী মুখার্জি। ওয়েবসাইট।