পিশাচ ভোল্ডামোর্টের শক্তি ক্রমবর্ধমান। জাদু মন্ত্রণালয় ও হগওয়ার্ট তার হাতের মুঠোয়। এদিকে মাথার ওপর ছায়া হয়ে থাকা গুরু ডাম্বলডোরও পরলোকে। বেচারা হ্যারি পড়েছে চরম বেকায়দায়। কী করবে সে? ভোল্ডামোর্টকে কি আদৌ জব্দ করতে পারবে সে? রীতিমতো বাঁচা-মরার প্রশ্ন। আর এই প্রশ্নের উদয় হয়েছিল বলেই হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ:পর্ব ১-এর আয়ের খাতায় হপ্তা দুই আগে লেখা হয়েছে ৭৭৭,৯৮৮,০০০ ডলার! এ বছরের ১৮ নভেম্বর ছবিটি মুক্তি পাওয়ার পরপরই বক্স অফিসে হুলস্থুল ফেলে দেয়। হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ ছবিটি জে কে রাওলিংয়ের ‘হ্যারি পটার’ সিরিজের আখেরি কিস্তি। এই বইয়েই হ্যারি পটার-বৃত্তান্তের ইতি টেনেছিলেন রাওলিং। কিন্তু চলচ্চিত্রে রূপ দেওয়ার সময় প্রযোজক ডেভিড হেম্যান বইটি দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সবার সম্মতিতে শেষতক তা-ই হয়েছে। কথা ছিল, এ পর্বটি ত্রিমাত্রিক রূপেও দর্শকের সামনে হাজির করা হবে। অনেক চেষ্টাচরিত্র করেও তা হয়ে ওঠেনি। হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ: পর্ব ২ মুক্তি পাবে আগামী বছরের ১৫ জুলাইয়ে। এ পর্বটি অবশ্য ত্রিমাত্রিক রূপে দেখা যাবে। বলা হয়েছে, সেই ছবিতেই হ্যারি পটার পাঁচালির সমাপ্তি। তা হোক বা না হোক, হ্যারির চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল র্যাডক্লিফ সাফ জানিয়ে দিয়েছেন, এরপর আর হ্যারি চরিত্রে নয়! না, এ ইচ্ছায় বিরক্তির ছোঁয়া ছিল না মোটেও। ৪৭৮ দিন লেগেছে ছবিটি শেষ করতে। আর শেষ দিন ড্যানিয়েল র্যাডক্লিফ, গ্রিন্ট (রন) ও এমা (হারমাইনি) বাচ্চাদের মতো ভেউ ভেউ করে কেঁদেছেন! বাস্তবে কাঁদলেও, ছবির এই কিস্তিতে কী করল ওরা?বাঁচা-মরার প্রশ্নে হ্যারি, রন ও হারমাইনি উঠেপড়ে লাগে ভোল্ডামোর্টের পেছনে। জানা ছিল, পিশাচটার প্রাণবায়ু লুকিয়ে আছে হরক্রাক্সের মধ্যে। সেটি উদ্ধারের জন্য বেরিয়ে পড়ে ওরা। ছদ্মবেশে ঢুকে পড়ে জাদু মন্ত্রণালয়ে। সফলভাবে উদ্ধার করে হরক্রাক্সটি। কিন্তু সেই পাথরটি ধ্বংস করার আগে ধ্বংসের মুখে পড়ে যায় হ্যারি-রনের বন্ধুত্ব। ভুল বোঝাবুঝির একপর্যায়ে হ্যারি ও হারমাইনিকে ছেড়ে চলে যায় রন। এরই মধ্যে হ্যারি ও হারমাইনি ঢুঁ মারে গডরিকস হলোতে। আশা ছিল, সেখানকার ইতিহাসবিদ বাথিলডা ব্যাগশটের কাছে হরক্রাক্স ধ্বংসের গ্রিফিনডোরের তলোয়ার আছে। কিন্তু বাগড়া বাধায় ভোল্ডামোর্ট। হ্যারি-হারমাইনির পেছনে লেলিয়ে দেয় তার অতি প্রিয় সাপ নাগিনীকে। অতএব, পলায়ন।সেই রাতে হ্যারি ছায়াহরিণ প্যাট্রোনাসকে দেখতে পায়। তার পিছু পিছু ছুটে যায় বরফজমাট এক পুকুরে। পুকুরের বরফের নিচে সেই তলোয়ারটি দেখেই ঝাঁপিয়ে পড়ে তাতে। কিন্তু গলায় ঝুলিয়ে রাখা সেই হরক্রাক্স মৃত্যুর মুখে ঠেলে দেয় হ্যারিকে। কাকতালীয়ভাবে সেখানে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় রন। জানে বাঁচায় হ্যারিকে। ধ্বংস করে হরক্রাক্সটি।অভিযানের সময় বিশেষ কিছুর ইঙ্গিত ঘুরেফিরে আসছিল হ্যারি, রন ও হারমাইনির সামনে। সেটারই মর্মার্থ উদ্ধার করতে ওরা হাজির হয় জোনোফিলিয়াস লাভগুডের কাছে। তার মুখে ইঙ্গিতের মর্মার্থ—আদিম জাদুদণ্ড, উধাও আলখাল্লা ও পুনরুত্থান পাথরের (হরক্রাক্স) রহস্য শুনে যারপরনাই অবাক তিনজনই। ডেথ ইটারদের হাতে বন্দী মেয়ে লুনাকে ফিরে পাওয়ার আশায় লাভগুড নতুন এক বিপদের মুখে ফেলে দেয় হ্যারিদের। ডেথ ইটারদের সুযোগ করে দেয় ওদের পাকড়াও করতে। অনেক ঘাম ঝরিয়ে ডেথ ইটাররাই জয়ী হয় শেষতক, ধরে ফেলে হ্যারিদের। নিয়ে যায় ভোল্ডামোর্টের ঘাঁটিতে। হ্যারির আকাশে ফের দুর্যোগের ঘনঘটা। এই দুর্যোগ কীভাবে সামলাবে সে? উত্তর পেতে দেখতে হবে পুরো ছবি। এমনকি অপেক্ষা করতে হতে পারে আগামী বছরের ১৫ জুলাই পর্যন্তও। সুতরাং অপেক্ষা... মাহফুজ রহমান, ওয়েবসাইট অবলম্বনে