
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর আজ শেষ দিন। গত ২৪ মে অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছিল এ প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ড. নাসরীন আহমাদ। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আবুল বারক আলভী, শিল্পী আহমেদ নাজির খোকন। উপস্থিত ছিলেন শিল্পী রোকেয়া সুলতানা ও শহীদ কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান আনিসুজ্জামান।
স্নাতক ও স্নাতকোত্তর পর্বের অর্ধশত শিক্ষার্থীর বাছাইকৃত ৭৫টি শিল্পকর্ম এখানে প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধনী দিনে ছয়টি ক্যাটাগরিতে মোট দশজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। ছাপচিত্রে সকল মাধ্যমে শ্রেষ্ঠ কাজের জন্য শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ পুরস্কার পান মোহাম্মদ ফাখরুল ইসলাম মজুমদার। এর অর্থমূল্য ৫০ হাজার টাকা। এ ছাড়া পুরস্কার পেয়েছেন সাকিব সালিম, আখিনুর বিনতে আলী, মো. কামরুল ইসলাম, ঊর্মি রায়. তাহিয়া হোসেন, মাজহারুল ইসলাম মহিম, মো. রফিকুল ইসলাম ও মো. জয়নুল আবেদিন। সার্টিফিকেট অব মেরিট পান রুবাইয়া জামান।