শেষ হচ্ছে ভুটান আর্ট ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ সেপ্টেম্বর দুপুর ১২টায় যখন এ লেখাটা তৈরি হচ্ছে, তখনো শিল্পীরা কোনো কোনো কাজে রাখছেন তাঁদের শেষ ছোঁয়া। বেশ কিছু ক্যানভাসের কাজ শেষ, নিচে শিল্পীদের স্বাক্ষর।ভুটানের থিম্পু শহরে জামবাইয়াং রিসোর্টের যেকোনো ঘরের ব্যালকনিতে দাঁড়ালেই শোনা যাবে পাহাড়ি স্রোতস্বিনী থিমচুর গর্জন। দিনে-রাতে যেকোনো সময় এই শব্দই জানান দেয়, এখানে জীবনের গতি আছে। এ ছাড়া মাঝে মাঝে শোনা যায় কুকুরের ডাক। মানুষের কোলাহল একেবারেই নেই—এতই নীরব এ শহর। শহরের রাস্তায় হাঁটলে মানুষের দেখা মেলে বটে, কিন্তু তা-ও হাতেগোনা।শিল্পীরা যেদিন বুদ্ধাস পয়েন্টে (গৌতম বুদ্ধের বিশাল পিতলের মূর্তি) গেলেন, সেদিন থেকেই তাঁরা উচ্ছ্বসিত। আঁকাবাঁকা নীরব পাহাড়ি পথ বেয়ে একসময় গৌতম বুদ্ধের মূর্তির কাছে পৌঁছে গেলেন তাঁরা। এরপর থিম্পু শহরের ক্লক টাওয়ারের কাছে গরম কফির পেয়ালা হাতে কাটল কিছুটা সময়। ভুটানের প্রকৃতি আর মানুষ, তাদের নানা রং, নানা রেখা গাঢ় হয়ে বসল শিল্পীদের মনে। তাই এক সন্ধ্যায় শিল্পী হামিদুজ্জামানকে দেখলাম দ্রুত হাতে করছেন ড্রয়িং। তুলির ছোঁয়ায় পাহাড়ের ওপর গৌতম বুদ্ধ। শিল্পী রফিকুন নবীর ল্যান্ডস্কেপে ফুটে উঠল পাহাড়ি পথ, খরস্রোতা নদী, পাহাড়ের ওপর বাড়িঘর। বললেন, ‘বহু দিন পর ল্যান্ডস্কেপ করছি।’সবাই যে প্রাকৃতিক দৃশ্য আঁকছেন, তা নয়। শিল্পী কাইয়ুম চৌধুরী বললেন, প্রকৃতির রং-রেখার প্রভাব পড়ে শিল্পীর মনে। কিন্তু তিনি সেই রঙে নিজেকে রাঙিয়ে নিয়ে নিজের মতো করেই সৃষ্টি করেন। কাইয়ুম চৌধুরীর ছবিতে তাই দেখা গেল নকশিকাঁথার টান। তাহেরা চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, মাহবুবুল হক, মনসুর উল করিম, রণজিৎ দাস, শিশির ভট্টাচার্য্য, তরুণ ঘোষ, নগরবাসী বর্মণও আঁকছেন নিজের ঢঙে। গ্যালারি কায়ার কর্ণধার গৌতম চক্রবর্তী বললেন, ‘শিল্পীরা যে কাজ করে আনন্দ পাচ্ছেন, এই ক্যাম্পে সেটাই সবচেয়ে বড় পাওয়া।’ ২৩ সেপ্টেম্বর থেকে কায়ার আয়োজনে শুরু হয়েছিল সাত দিনের এই আর্ট ক্যাম্প।প্রথম দুই দিন ছিল প্রকৃতির কাছাকাছি থাকা। তারপর তুলি-ক্যানভাসের সঙ্গে বোঝাপড়া। ২৭ সেপ্টেম্বর দুপুরে ১১ জন শিল্পীর ক্যানভাস আনা হলো রেস্টুরেন্টের সামনের খোলা জায়গায়। এ যেন ছবিগুলোর অনানুষ্ঠানিক প্রদর্শনী। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকলেন সস্ত্রীক ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। ওই রাতে সবাই যখন রেস্তোরাঁয়, তখন সবার মাঝেই কাজ-পরবর্তী আনন্দের রেশ। রাতটি হলো অন্য রকম। শুরু হলো গান। এই পরিবেশে রবীন্দ্রনাথের সম্মেলক গানের তুলনা নেই। তাই ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’, ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গান দুটি হলো। অন্য গানও হলো কয়েকটি।গ্যালারি কায়া আয়োজিত ভুটান আর্ট ক্যাম্পে বিদায়ের বাঁশিও বেজে উঠছে যেন। যে শিল্পীর সঙ্গেই কথা হলো, তিনিই জানালেন, ভুটানের প্রকৃতি তাঁদের কিছুটা হলেও অন্য রকম করে তুলেছে। আর এ কথা কে-না জানে—ব্যতিক্রমী হয়ে, নিজেকে ভেঙেচুরে, আবার ভেঙে, আবার গড়ে নিয়েই তো শিল্পীদের চলার পথটা তৈরি হয়। আজ বৃহস্পতিবার শিল্পীরা ফিরে আসবেন বাংলাদেশে।